ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডকে আগামী বছর ঢাকায় আনার চেষ্টা চলছে। এ উপলক্ষে ক্লাবটির চার সদস্যের প্রতিনিধি দল একই মধ্যে ঢাকায় অবস্থান করছে। আলোচনা ও অন্যান্য সবকিছু ঠিকভাবে এগোলে ইংলিশ ক্লাবটি ঢাকায় ম্যাচ খেলতে পারে জুলাইয়ে।
এ ক্ষেত্রে ম্যানচেস্টারের প্রতিপক্ষ হিসেবে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নির্বাচিত একাদশকে। অর্থাৎ লিগে ভালো পারফর্ম করলে জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, রবিউল হাসানরা সুযোগ পেতে পারেন ম্যানচেস্টারের বিপক্ষে স্বপ্নের ম্যাচ এক খেলার। ২৩ বা ৩০ জুলাই- এই দুই তারিখের যে কোনো একদিন হতে পারে ম্যাচটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যাচটি আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই প্রেক্ষিতে ইউরোপের অন্যতম সফল ক্লাবটির চার কর্তা মঙ্গলবার ঢাকা পরিদর্শনে এসেছেন। এদিন সকালে ঢাকায় পা রেখে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্লাবটির ফুটবল ডিরেক্টর অ্যালান জন ডসন, ট্যুর ও ফ্রেন্ডলি ডিরেক্টর ক্রিস্টোফার কোমেন, অফিশিয়াল ফিলিপ ম্যালকম এবং ম্যাথু চার্লস।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাতের পর তারা ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর বিকেলে সম্ভাব্য ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন। বুধবার আর্মি স্টেডিয়াম, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠসহ বেশ ক’টি মাঠ এবং পাঁচ তারকা হোটেল পরিদর্শন করে ফিরে যাবেন।
