সর্বশেষ এসএ গেমসে বাংলাদেশের ৪টি স্বর্ণের একটি এসেছিল মাবিয়া আক্তার সীমান্তর হাত ধরে। ১ ডিসেম্বর নেপালে শুরু হতে যাওয়া দক্ষিণ এশীয় গেমসের ১৩তম আসরেও প্রত্যাশার ভার থাকছে এই ভারোত্তোলককে ঘিরে। তবে পদক জয়ের প্রশ্নে মাবিয়ার কণ্ঠে চোয়ালবদ্ধ উচ্চারণ নেই। দেশ রূপান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত রেকর্ড ভাঙার প্রত্যাশার কথাই কেবল জোর দিয়ে বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন- তোফায়েল আহমেদ
প্রশ্ন: এসএ গেমসে কেমন প্রস্তুতি নিয়ে যাচ্ছেন?
মাবিয়া: প্রস্তুতির কথা যদি বলেন, তাহলে বলব আলহামদুলিল্লাহ। দেখা যাক কী হয়। পারফরম্যান্স মোটামুটি সবারই ভালো আছে। সব মিলে প্রস্তুতি ভালো।
প্রশ্ন: স্বর্ণ ধরে রাখার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি?
মাবিয়া: স্বর্ণ ধরে রাখার কথা যদি বলেন, তাহলে বলব- আশা আছে নিজের জায়গাটা না ছাড়ার। কারণ কেউ তো নিজের জায়গা ছাড়তে চায় না। তারপরও সুযোগ-সুবিধাসহ নান বিষয় থাকে। যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব তাদের অনেকেই তো পারফরম্যান্স অনেক ওপরে নিয়ে গেছে। তারপরও আমার বর্তমান যে পারফরম্যান্স আছে সেটি দিয়ে চেষ্টা করব, যেন স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট হয়। সেটা স্বর্ণ কিনা সেই প্রতিশ্রুতি আমি দিতে পারছি না।
প্রশ্ন: কিন্তু গতবারের সাফল্যের কারণে আপনার প্রতি সবার প্রত্যাশাটা বেশি থাকবে এবার...
মাবিয়া: দেখুন, স্বর্ণ কীভাবে আশা করতে পারি? যেহেতু ওরা আমাদের থেকে ৩০-৩৪ কেজি বেশি লিফট করে। তাহলে আমরা কি করে আশা করতে পারি আমরা গোল্ড মেডেল পাব। প্রতি বছর একটা-দুটা করে আন্তর্জাতিক কমপিটিশন তো করে আসছি। সাফ গেমসের আগেও একটা কমপিটিশন (এশিয়ান জুনিয়র ভারোত্তলন) করে আসলাম।
এসএ গেমসে যাদের বিপক্ষে খেলব তাদের খোঁজ খবর তাই জানা। ওরা যা বলল, তাতে ওদের পারফরম্যান্স থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। তাই জোর দিয়ে স্বর্ণ জয়ের কথা বলতে পারছি না। কারণ আমরা সুযোগ-সুবিধা থেকে শুরু করে অন্য অনেক কিছুতেই পেছনে। তাহলে কি করে বলা যায় বলেন?
প্রশ্ন: স্বর্ণ না পেলেও আপনার কাছ থেকে অন্য পদক তো আসবে নিশ্চয়ই?
মাবিয়া: অন্য পদকের কথা যদি বলেন, তাহলে মিস হলেও হতে পারে। তবে আমি নিজের জায়গাটা ধরে রাখতে চাই। অন্তত নিজের বর্তমান সেরা টাইমিং ছাড়িয়ে যেতে চাই। বর্তমানে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলে আমার সেরা ১৮৫ কেজি (৮০ ও ১০৫)। আশা করি এটা এবার ব্রেক করতে পারব।
প্রশ্ন: ২০১৬ এসএ গেমসে ১৪৯ কেজি ওজন তুলে (৬৩ কেজি ওজন শ্রেণি) সেরা হয়েছিলেন। এখন আপনার ব্যক্তিগত রেকর্ড ১৮৫ কেজি। যতটুকু এগিয়েছেন তাতে আপনি ব্যক্তিগতভাবে কতটা সন্তুষ্ট?
মাবিয়া: গত সাফ গেমসের পর সত্যি বলতে অনেক উন্নতি করেছি। কতটুকু এগিয়েছি এটা তুলনাতীত। তবে আমি যে সুযোগ-সুবিধা বিগত সময়ে চেয়ে আসছি, সেটা যদি দেওয়া হতো তাহলে উন্নতি আরো হতো। যেহেতু সুযোগ-সুবিধা পর্যাপ্ত পাইনি, তাই যতটুকু এগিয়েছি সেটা পর্যাপ্ত আমার কাছে মনে হয়। গেমসে এর চেয়ে সেরাটা দেওয়ার ইচ্ছেই আমার আছে। এরপরও যদি পদক জিততে না পারি তাহলে সেটা আমার দুর্ভাগ্য।
প্রশ্ন: বিগত ক্যাম্পগুলোতে অনেক সময়ই কোচ নিয়ে আপনাদের অসন্তুষ্টি ছিল। এবারের অভিজ্ঞতা কেমন?
মাবিয়া: এবার আমাদের কোচের দায়িত্বে ফারুক আহমেদ সরকার। আমার কাছে মনে হয় ভারোত্তোলনে তিনি একজন পারফেক্ট কোচ। তিনি আমাদের যে উন্নতি করিয়েছেন, আমার কাছে মনে হয় অন্য কোচ এতটা পারেননি। আমার পারফরম্যান্সে পুরো কৃতিত্ব তাই তাকেই দেব। আমার টিকে থাকার পেছনে দুজন মানুষের কথা না বললেই নয়। একজন মহিউদ্দিন আহমেদ স্যার। অন্যজন বর্তমান কোচ ফারুক আহমেদ সরকার।
প্রশ্ন: ৭ ডিসেম্বর আপনার ইভেন্ট। এই কটা দিন কীভাবে প্রস্তুতি সারবেন?
মাবিয়া: আমরা ২ ডিসেম্বর যাব নেপালে। যে লিফটটা দিয়ে আমরা শুরু করব সেটা নিয়েই আমরা এখন কাজ করছি। সেভাবে রিলাক্স থাকার সুযোগ নেই। তবে এসএ গেমসে খেলতে আমরা সবাই সত্যিই মুখিয়ে আছি।
