‘ব্যর্থ হলেই গেইল দলের বোঝা’

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:৫৪ পিএম

ব্যাটে রান নেই। দলও পাচ্ছে না জয়। ক্রিস গেইলের হতাশ হওয়াটা অস্বাভাবিক নয়। তবে দক্ষিণ আফ্রিকার জোজি স্টার্সকে বিদায় বলার আগে ক্রিস গেইল যা বললেন, তাতে ব্যর্থতার হতাশা ছাপিয়েও ফুটে উঠল আবেগ, ক্ষোভ, অভিমান। টি-টোয়েন্টি ক্রিকেটের এই কিংবদন্তি জানালেন, ব্যর্থ হলে অনেক ক্ষেত্রেই তাকে মনে করা হয় দলের বোঝা।

মানজি সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন জোজি স্টার্স এবারের আসরে এখনো পর্যন্ত পায়নি জয়ের দেখা। ৬ ম্যাচ খেলে গেইল করেছেন ১০১। এক ম্যাচেই করেছিলেন ৫৪, যেটি ছিল এবারের আসরে তার শেষ ম্যাচ। স্বঘোষিত ইউনিভার্স বসের এমন পারফরমেন্সে হচ্ছে সমালোচনা। এটিই ক্ষুব্ধ করেছে গেইলকে। উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সই না করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন বছরের পর বছর ধরে। ক্যারিয়ারের গোধূলিবেলায় সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েই তার কণ্ঠে শোনা গেল অভিমানের সুর।

এদিকে দলটির প্রধান নির্বাহী জোনো লিফ জানান, ‘গেইল একটু আবেগী। তাই ব্যর্থতা নিজের ওপর নিয়ে নিয়েছে। সে মনে করে দলের ব্যর্থতা তার কারণে। আমরা এমনটা মনে করছি না।’ ‘যখন আমি টানা দুই-তিন ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হই, তখনই আমি দলের জন্য বোঝা হয়ে দাঁড়াই। আমি কেবল এই দলের কথা বলছি না। অনেক বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার পর এটা আমার পর্যবেক্ষণ। রান না করলেই ক্রিস গেইল দলের বোঝা। মনে হয় যেন এই একজনই দলের বোঝা। কটু কথা শুনতে হয়। লোকে মনে রাখে না, দলের জন্য কী করেছি। আমি কোনো সম্মান পাই না।’

গেইল আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। জোজি স্টার্সের হয়ে শেষ ম্যাচে ২৭ বলে খেলেন ৫৪ রানের ইনিংস। চার ৬টি, ছক্কা ৪টি। টি-টোয়েন্টিতে এটি ছিল গেইলের ৪০০তম ম্যাচ। এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর দুজন মাত্র ক্রিকেটার এবং দুজনই ক্যারিবিয়ান কাইরন পোলার্ড ৪৯৩টি ও ডোয়াইন ব্রাভো ৪৫০টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত