ভারতের সঙ্গে অভিষেক টেস্টে বিশাল হার। এরপর আয়ারল্যান্ড ও বাংলাদেশকে হারানো আফগানিস্তান আজ থেকে আরেকটি দলের বিপক্ষে তাদের ‘প্রথম টেস্ট’ খেলতে নামছে। দলটি উইন্ডিজ। খেলাটি তাদের ‘হোম’ ম্যাচ। তবে এবারো কাবুলে নয়, ভারতের লক্ষেèৗ-এ।
দুদলের একমাত্র এই টেস্টে ক্যারিবিয়ানদের জন্য এটা আফগান স্পিন টেস্ট। অধিনায়ক রশিদ খান নিজে লেগ স্পিনার। আছেন মুজিব উর রহমানও। আছেন চায়নাম্যান জহির খানও।
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১১ উইকেট নিয়ে অসাধারণ জয়ে ভূমিকা রেখেছিলেন রশিদ। এবার লক্ষেèৗতে তিনি সাফল্য পেলে উইন্ডিজকে ভুগতে হবে বেশ। এই মাঠ অবশ্য দুই দলেরই চেনা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখানেই আফগানদের হোয়াইটওয়াশ করে উইন্ডিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজ অবশ্য ২-১ এ জিতেছিল আফগানরা। সর্বশেষ টেস্টে বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে রশিদ খানের দল। উইন্ডিজ অবশ্য ঘরের মাঠে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে খেলতে এসেছে। ফলে আফগানদের হালকাভাবে নেওয়ার কোনো কারণ দেখছেন না ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। বরং প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেছেন, ‘আফগানিস্তানকে হারানো সহজ নয়। বিশেষ করে এই কন্ডিশনে। কারণ লক্ষেèৗয়ের মাঠ তাদের চেনা। আমাদের ব্যাটসম্যানরা তাদের স্পিনারদের কতটা ভালো খেলতে পারবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। আমার বিশ্বাস ভালো খেলার যোগ্যতা আছে আমাদের ব্যাটসমানদের।’ সত্যিই এই উইন্ডিজ দলে প্রতিভাবান ব্যাটসম্যানের অভাব নেই। আছেন শেই হোপ, জেসন হেটমায়ার এবং রোস্টন চেজের মতো ব্যাটসম্যান। তবে আফগান স্পিন তারা কীভাবে সামলায় সেটাই দেখার।
