বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বলে মনে করেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা অনুপ্রবেশকারী, মাদক কারবারি, টেন্ডারবাজ, চাঁদাবাজ তাদেরকে না বলতে হবে। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্ররাজনীতি করেছে তাদের নেতৃত্বে আনতে হবে। দলকে ঢেলে সাজাতে হবে। দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। কেননা বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। তিনি বলেন, রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছায় মঙ্গাপীড়িত তিস্তাপারের রংপুর এখন অনেক উন্নত, এখন আর মঙ্গা নেই। রংপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বগুড়া-রংপুর ফোর লেন রাস্তার কাজসহ উত্তরাঞ্চলের ব্রিজ উন্নয়নের কাজও শুরু হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর কবির নানক।
