পরীক্ষা ছাড়াই আইনজীবী হওয়ার অভিযোগ

বিচারপতির ছেলে নিয়ে রিট নেয়নি আদালত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৩:৪৪ এএম

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ না পেলেও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির ছেলেকে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে সনদ দানের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদনের শুনানি নিতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গতকাল মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এটি শুনতে অপারগতা প্রকাশ করেন।  

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক, সৈয়দ সাইয়্যেদুল হক সুমন ও ইশরাত হাসান। গত ২১ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান ও সৈয়দ সাইয়্যেদুল হক সুমন।

আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় একাধিকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের জুম্মান সিদ্দিকী নামের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী একজন বিচারপতির সন্তান বলে রিটে জানানো হয়। তারপরও তাকে গত ১৯ সেপ্টেম্বর সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তভু©ক্ত করে ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়। এরপর ওই গেজেট এবং বার কাউন্সিল অর্ডারের ২১ (১) (খ) ও ৩০ (৩) ধারা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করা হয়।

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘যেভাবে হাইকোর্টে একজন আইনের ডিগ্রিধারী আইনজীবী হিসেবে অন্তভু©ক্ত হতে পারেন এর কোনোটিই আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়া ওই ব্যক্তির ড়্গেত্রে প্রযোজ্য হয়নি। আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির কোনো মতামত ও সিদ্ধান্ত ছাড়াই ওই ব্যক্তিকে হাইকোর্টের আইনজীবী হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে, যা বেআইনি। আমাদের রিট আবেদনটি শুনতে হাইকোর্ট অপারগতা প্রকাশ করেছে। আমরা অন্য কোনো বেঞ্চে আবেদনটি উপস্থাপন করব।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত