হোলি আর্টিজান মামলার রায় জঙ্গিবাদের জন্য অশনি সংকেত: ওবায়দুল কাদের

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম

হোলি আর্টিজান মামলার রায়ে স্বাধীন বিচার ব্যবস্থা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা বাড়ল দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারের কাছে জঙ্গিদের কোন নিস্তার নেই সেটাও প্রমাণ হয়েছে।

তিনি বলেন, এ রায় জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতাদের জন্যও একটি অশনি সংকেত। এ রায় বাংলাদেশের জনগণের জন্য একটি শান্তিময় ভবিষ্যৎ প্রতিষ্ঠা করল।

বুধবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতা কর্মীদের অন্তঃকলহ পরিহার করে ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দল ভারী করার জন্য খারাপ, সুবিধাবাদী, চাঁদাবাজ দরকার নেই। কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগে হবে না। নেত্রী শুদ্ধি অভিযান ঘর থেকে শুরু করেছেন, ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাবেন-এটাই শেখ হাসিনার পলিসি।

তিনি নেতা কর্মীদের উদ্দেশে বলেন, আমরা উন্নয়ন করব, আপনারা মানুষকে খুশি রাখবেন। যতই উন্নয়ন হোক, আচরণ যদি খারাপ হয় উন্নয়নের মূল্য নেই।

জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শেখ তন্ময় এমপি, এস এম কামাল, পারভীন জামান কল্পনা প্রমুখ। যশোরের আটটি আসনের সকল সংসদ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। উদ্বোধন পর্ব শেষে কাউন্সিলে ঐকমত্যের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটিতে শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে।

কাউন্সিল অধিবেশনের সভাপতি ওবায়দুল কাদের এমপি কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যের মধ্যে রয়েছেন সহ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, হায়দার গণি খান পলাশ, খয়রাত হোসেন, আব্দুল খালেক, আলী রায়হান ও গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অ্যাড.মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন ও জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য ইসমাত আরা এমপি, স্বপন ভট্টাচার্য এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন এমপি ও রণজিৎ রায় এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত