ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে উচ্চগতির ইন্টারনেট স্থাপনে ৮টি বিভাগের ৭৭২টি দুর্গম ইউনিয়নে ফাইবার অপটিক স্থাপনে অপটিক্যাল ফাইবার ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক কানেকটিভিটি স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নে ‘দুর্গম এলাকায় তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন (কানেকটেড বাংলাদেশ)’ শীর্ষক প্রকল্প গত জুলাই মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘সামাজিক দায়বদ্ধতা তহবিল’ ব্যবস্থাপনা কমিটির চতুর্থ সভায় অনুমোদিত হয়।
অর্থমন্ত্রী জানান, সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কেব্ল শিল্প লিমিটেড থেকে ৮ হাজার ১০৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেব্ল ১১০ কোটি ৭৩ লাখ ২৪ হাজার টাকায় কিনবে সরকার।
