পিডিবিকে শেয়ার দেবে পাওয়ার গ্রিড

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (পিডিবি) ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৭০৮তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

শেয়ারপ্রতি ১০ টাকা মূল্যে ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার শেয়ার পিডিবির অনুকূলে ইস্যুর জন্য কোনো নগদ অর্থ পাবে না পাওয়ার গ্রিড। পিডিবির বিদ্যমান বিনিয়োগের (ডিপোজিট ফর শেয়ার) বিপরীতে ভেন্ডরস চুক্তির আওতায় এ শেয়ার ইস্যু করা হবে।

পাওয়ার গ্রিডের সঙ্গে ২০০২ সালের ভেন্ডরস চুক্তি অনুযায়ী, পিডিবি কোম্পানিটিতে ১৭ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লাইন, রিহেবিলিটেশন, স্টেশনের রিনোভেশন, যানবাহন ইত্যাদি সরবরাহ করে।

২০০৭ সালের চুক্তি অনুযায়ী, ২৩৪ কোটি ৬৪ লাখ টাকার ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লাইন, রিহেবিলিটেশন, স্টেশনের রিনোভেশন, যানবাহন ইত্যাদি সরবরাহ করে। এ দুই চুক্তির মাধ্যমে মোট ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার সম্পদ সরবরাহ করে পিডিবি। এজন্য শেয়ার ইস্যু করবে পাওয়ার গ্রিড। অন্যদিকে পাওয়ার গ্রিডের একই পরিমাণ পরিশোধিত মূলধন বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত