গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। হলি আর্টিজান রায়ে আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে জানিয়ে জি এম কাদের বলেন, এই রায় বিপথগামী তরুণদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক হবে।
গতকাল বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সাড়ে ৩ বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে পৈশাচিক হামলায় দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষণ্নœ হয়েছে। এই মামলার রায়ে দেশের ভাবমূর্তি অনেকাংশে পুনরুদ্ধার হবে। বাংলাদেশ এবং এদেশের সাধারণ মানুষ কখনোই জঙ্গিবাদে বিশ্বাস করে না। তাই কখনোই জঙ্গিবাদ এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
