বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন ও সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধসহ মোট ১১ দফা দাবিতে সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা। গতকাল বুধবার সকালে বাংলাদেশ সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে খুলনা, নরসিংদী ও রাজশাহী অঞ্চলের পাটকল শ্রমিকরা পূর্বঘোষিত ছয় দিনের কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনে এই অনশনে অংশ নেয়।
এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর মতিঝিলের সিবিএ কার্যালয়ে বৈঠকে বসেন সংগঠনের কেন্দ্রীয় শ্রমিকনেতারা। বৈঠকে বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে সারা দেশে গত ২৪ নভেম্বর গেট সভা, ২৫ নভেম্বর ভুখা মিছিল ও গতকাল (২৭ নভেম্বর) প্রতীকী অনশন করা হয়েছে। একইসঙ্গে আগামী ১০ ডিসেম্বর সারা দেশে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়। ওই বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের শ্রমিকনেতারাও উপস্থিত ছিলেন। এদিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে পাটকল শ্রমিকদের আন্দোলনের মুখে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিবারই সরকার থেকে এ রকম বরাদ্দ আসে। কিন্তু অধিকাংশ ড়্গেত্রেই সেটির বাস্তবায়ন হয় না। বকেয়া পরিশোধে সরকারি বরাদ্দের বাস্তবায়নসহ মোট ১১ দফা দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’ বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
নরসিংদী : নরসিংদীতে ১১ দফা দাবি আদায়ে শ্রমিকদের পাশাপাশি কারখানায় কর্মরত শ্রমিকদের স্ত্রী ও শিশু সন্তানরা কর্মসূচিতে অংশ নেয়। এ সময় ‘ভাত দে, কাপড় দে, নয়তো একটু বিষ দে’ সেস্নাগান দেওয়া হয়। একই সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতো পেটা করা হয়। কেন্দ্রীয় সংগঠনের ডাকা এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়। এ সময় মিলের সব ধরনের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘ঘরে চাল নেই। পেটে ভাত নেই। ড়্গিধার জ্বালা সহ্য করতে না পেরে আমাদের শিশুসন্তান ও স্ত্রীরাও অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে।’
এসময় শ্রমিকদের দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনাসহ পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিকরা। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
খুলনা : খুলনায় ১১ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন খুলনা-যশোর অঞ্চলের অর্ধ লাখেরও বেশি শ্রমিক। গতকাল বুধবার সকাল ৮টার দিকে নগরীর ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলিম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই পাটকলের শ্রমিকরা নিজ নিজ কারখানার সামনে জড়ো হন। কর্মসূচি চলাকালীন মিলের সব ধরনের উৎপাদন বন্ধ ছিল।
কর্মসূচিতে বক্তব্য দেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল হামিদ সরদার, যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুটমিল সিবিএর সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখসহ সিবিএ-নন সিবিএ নেতারা।
রাজশাহী : রাজশাহীতে ১১ দফা দাবিতে গতকাল বুধবার সকাল ৮টায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে রাজশাহী অঞ্চলের পাটকল শ্রমিকরা। সকাল থেকেই নগরীর হরিয়ান এলাকার মিলগেটের সামনে জড়ো হন কয়েকশ শ্রমিক। এ সময় তারা বিভিন্ন সেস্নাগান দিতে থাকেন। এর আগে গত সোমবার একই দাবিতে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ রাজশাহী অঞ্চলের সভাপতি জিল্লyর রহমানের সভাপতিত্বে কর্মসূচি পালিত হয়।
