দুর্দান্ত মেসিতে গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৯:১০ এএম

বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচে অসাধারণ ফুটবল খেললেন লিওনেল মেসি। এদিন অসাধারণ নৈপুণ্য দেখালেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার। দুটি গোল করানোর পাশাপাশি নিজে করেছেন এক গোল। তার দ্যুতিতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

ক্যাম্প ন্যুতে ‘এফ’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ৩-১ গোলে জার্মান ক্লাবটিকে হারায় বার্সেলোনা। প্রথমার্ধে লুইস সুয়ারেস ও মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুকেন অঁতোয়ান গ্রিসমান।

এদিন বার্সেলোনার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সাতশোতম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। সাধ্যের সবটুকু দিয়ে মাইলফলক রাঙানোর চেষ্টা করলেন ছয়বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

নিজেদের মাঠে ম্যাচের শুরুর দিকে অনেকটা ছন্দহীন ছিল বার্সেলোনা। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি গত দুইবারের লা লিগা চ্যাম্পিয়নরা। ২৯তম মিনিটে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেন সুয়ারেস। মেসির রক্ষণচেরা পাস ডি-বক্সের মাঝামাঝিতে পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান উরুগুয়ান এই স্ট্রাইকার।

এগিয়ে যাওয়ার চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। সুয়ারেসের পাস থেকে ডান পায়ের শটে ডি-বক্সের মাঝ থেকে গোলটি করেন মেসি। ক্লাবের হয়ে এটি তার ৬১৩তম গোল।

এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি দলের গোল করায় ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেলেন মেসি। প্রতিযোগিতাটিতে এই নিয়ে ৩৪টি প্রতিপক্ষের জালে গোল করার নজির গড়লেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

২-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করা বার্সেলোনাকে দ্বিতীয়ার্ধে আরও একটি গোল এনে দেন উসমানে দেম্বেলের বদলি নামা গ্রিসমান। মেসির পাস থেকে বাঁ পাশ থেকে বাঁ পায়ের শটে নিজের জন্য খুব প্রয়োজনীয় গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার। বার্সেলোনার আগের ছয় ম্যাচের একটিতেও জালে বল জড়াতে পারেননি তিনি।

ম্যাচের ৭৭তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড জ্যাডন স্যানচোর নৈপুণ্যে একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তুলে বরুসিয়া। কিন্তু ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল পায়নি দলটি। হারও এড়ানো যায়নি।

এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১।

৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে দিনের অপর ম্যাচে চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়া প্রাগকে ৩-১ গোলে হারানো ইন্টার মিলান। গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয়স্থানে আছে বরুসিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত