ইন্টারনেট সেলিব্রেটিতে পরিণত হয়েছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোষা কুকুর। কালো রঙের ল্যাব্রাডরটির নাম কালু। জানা গেছে, বিতর্কিত যোগীর মতোই তার কুকুরটি নিরামিষভোজী।
এনডিটিভি জানায়, সোমবার মুখ্যমন্ত্রী কালুর সঙ্গে একটি ছবি তোলেন। সেখানে পনির খাওয়াতে দেখা যায় প্রিয় পোষ্যকে।
২০১৬ সালের ডিসেম্বর কালুকে গোরক্ষ মন্দিরে নিয়ে আসা হয় । আর তিন মাস পরেই ২০১৭ সালে যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন ।
আদিত্যনাথের কাছে এর আগে রাজু বাবু নামে একটি কুকুর ছিল, যার মৃত্যুর পর খুবই ভেঙে পড়েছিলেন তিনি। সেই স্থান পূরণ করেছে কালু।
গোরক্ষ মন্দিরের তরফে বলা হয়, কালো কুকুরটি একজন ভক্ত দিল্লিতে আদিত্যনাথকে দিয়েছিলেন। কালুকে কিছু সময় দিল্লিতেই রাখা হয়েছিল। তারপর গোরক্ষপুরে নিয়ে আসা হয়।
মন্দিরের ভক্তরা মনে করেন যোগী আদিত্যনাথের জন্য কুকুরটি ভীষণ শুভ। মুখ্যমন্ত্রী হওয়ার আগে কালুর দেখভালের দায়িত্ব নিজেই সামলাতেন যোগী। এমনকি কালুকে খাইয়েও দিতেন তিনি।
গোরক্ষ মন্দির সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, কালু পুরোপুরি নিরামিষাশী। দুধ রুটি খায় নিয়মিত। মন্দিরে যে খাবার বানানো হয় সেই খাবারও খায় কুকুরটি। আবহাওয়ার পরিবর্তনে কালুর যাতে কোন অসুবিধা না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করা থাকে।
