আগাম জামিন নিতে আদালতে বিএনপি নেতারা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০২:০৭ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা আগাম জামিনের জন্য হাইকোর্টে অবস্থান করছেন।

বৃহস্পতিবার ‍দুপুরের দিকে তাদের আদালত চত্বরে দেখা যায়। নেতাদের দাবি, তাদের আটকের জন্য বাইরে অপেক্ষা করছে গোয়েন্দা পুলিশ।

সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এই শুনানিকে ঘিরে বুধবার থেকে উত্তেজনা চলছে দলটির নেতা-কর্মীদের মাঝে। এর রেশ ধরে গতকাল দুপুরে হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার বিএনপির দুই শীর্ষ নেতাসহ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আটক হয়েছেন। দুপুরে তাকে মৎস্য ভবনের সামনে থেকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে সকাল ১০টার দিকে হাইকোর্ট গেটে আটক করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া বিএনপি অফিসের দুই কর্মচারীকে আটকের খবর পাওয়া গেছে। তারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত