রাহকিম জিম্বো কর্নওয়াল। ভারতের লক্ষ্ণৌয়ের আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও শিরোনামে তিনি। আগের দিন ৭ উইকেট তুলে নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন আফগানিস্তানের প্রথম ইনিংস। বৃহস্পতিবার আফগানদের দ্বিতীয় ইনিংসে নিলেন আরো ৩ উইকেট।
এর মধ্যে ম্যাচে ১০ উইকেট হয়ে গেল কর্নওয়ালের। তাতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম স্পিনার হিসেবে উপমহাদেশে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়লেন ‘মাউন্টেন ম্যান’খ্যাত বিশালদেহী এই স্পিনার।
কর্নওয়ালের আগে উপমহাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের পক্ষে ম্যাচে সেরা সাফল্য ছিল ল্যান্স গিবসের। ১৯৭৫ সালে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে ৯ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা।
কর্নওয়ালের স্পিনের সঙ্গে রোস্টন চেজও আগুন ঝরিয়েছেন দ্বিতীয় ইনিংসে। নিয়েছেন ৩ উইকেট। এই দুইয়ের তোপে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন আফগানরা।
এর আগে শামার ব্রুকসের সেঞ্চুরিকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৭৭ রানে। প্রথম ইনিংসে আফগানরা গুটিয়ে গিয়েছিল ১৮৭ রানে। ৩ উইকেট হাতে রেখে আফগানরা এখন পর্যন্ত মাত্র ১৯ রানের লিড পেয়েছে।
আগের দিনের ২ উইকেটে ৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনটা দারুণভাবে স্মরণীয় করে রাখেন আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার আমির হামজা। অভিষেকেই ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। কিন্তু তার ৭৪ রানে ৫ উইকেট শিকারও যথেষ্ট হয়নি ক্যারিবীয়দের ৯০ রানের লিড ঠেকাতে।
আমির হামজার শিকার হয়েই নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে শামার ব্রুকস করেন ১১১ রান। ২১৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া জোহন ক্যাম্পবেল ৫৫ ও শেন ডরউইচ ৪২ রান করেন। আমির হামজার ৫ উইকেট ছাড়াও আফগানদের পক্ষে রশিদ খান ৩টি ও জহির খান ২ উইকেট নিয়েছেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপর্যয়ে পড়ে আফগানরা।
কর্নওয়াল শুধু ক্যারিবীয় স্পিনার হিসেবে রেকর্ডই নয়, ভারতের মাটিতে দুই বছর পর কোনো স্পিনার হিসেবে ১০ উইকেট পেলেন। এর আগে সর্বশেষ যে কৃতিত্ব দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার ও’কিফে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে এই কৃতিত্ব দেখান তিনি। ৭০ রান খরচায় ১২ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছিলেন ও’কিফে।
