পুরান ঢাকার কাহিনি নিয়ে সাইফ চন্দন নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ‘ওস্তাদ’। এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন চিত্রনায়ক রোশান। সঙ্গে আছেন নবাগতা দুই নায়িকা অনিন্দিতা মিমি ও উষ্ণ হক। ২৭ নভেম্বর থেকে ‘ওস্তাদ’-এর শুটিং শুরু হয়েছে। টানা ১১ দিন এর দৃশ্যধারণ চলবে।
সাইফ চন্দন বলেন, ‘পুরান ঢাকার সূত্রাপুরের গ্যাং এবং ওই এলাকার ওস্তাদি নিয়ে ছবির গল্প। এর মধ্যে আঞ্চলিক অনেক মজার বিষয়ও থাকছে।’
‘ওস্তাদ’-এর গল্প জসিম উদ্দিনের, সংলাপ ফেরারি ফরহাদের এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা সাইফ চন্দন নিজেই। সাইফ চন্দন আরও বলেন, ‘রোশান বর্তমান সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল নায়ক। আর আমি নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে প্রথমে পরিকল্পনা ছিল আলাদা। পরে নতুনদের নিয়ে এটি শুরু করলাম।’
সাইফ চন্দন এর আগে পুরান ঢাকার গল্প নিয়ে নির্মাণ করেছিলেন ‘আব্বাস’। আব্বাস সিনেমার মূল ভূমিকায় ছিলেন নায়ক নিরব।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রোশানের। মুক্তির অপেক্ষায় আছে অনন্য মামুনের ‘মেকআপ’। এদিকে শিগগিরই শুটিং শুরু করতে যাচ্ছেন দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার।
