আইএলওর সংলাপে গওহর রিজভী

শ্রমিকরা এখনো পণ্য হিসেবে বিবেচিত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১২:২৫ এএম

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, শ্রমিকদের নিজেদের তৈরি সম্পদে তাদের অধিকার প্রতিষ্ঠাই সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যদিও শ্রমিকদের জীবন-মানের উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে, এরপরও শ্রমিকরা এখনো পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। যে সম্পদ তারা তৈরি করছে, সে সম্পদে তাদের অধিকারই নিশ্চিত করতে পারে সামাজিক ন্যায়বিচার।’

আইএলওর শতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল আয়োজিত ‘ফিউচার অব ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় গওহর রিজভী এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে একীভূত করে জাতীয় আইন বা নীতি প্রণয়ন, ত্রিপাক্ষিক সংলাপ, শিশু শ্রম এবং জোরপূর্বক শ্রম নিরসন, দক্ষতার উন্নয়নে বিনিয়োগ বিষয়গুলো উঠে আসে।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, জনকল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের জন্য আইএলও বাংলাদেশ শ্রম ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামীতে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা করতে শ্রমিক-মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রয়োজন।

সংলাপে বিশেষ অতিথি ছিলেন আইএলওর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক পানুডা বুনপালা। বক্তব্য দেন ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত