এ ক ঝ ল কে

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১২:৩৯ এএম

দুই ফার্স্ট রানার্স আপের নাটক

কিছুদিন আগেই ঘোষণা হয়ে গেল চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’র বিজয়ীর নাম। এতে প্রথম রানার্স আপ হয়েছেন জুনায়েদ বুকদাদী। একই চ্যানেলের ‘লাক্স সুপারস্টার-২০১৮’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন সারওয়াত আজাদ বৃষ্টি। এই দুই প্রতিযোগিতার রানার্স আপকে নিয়ে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন সহীন উন নবী। আবীর ফেরদৌস ও রাইয়ান মাহমুদের লেখা এ টেলিফিল্মটির নাম ‘রক্তে ভেজা চিরকুট’। এতে বৃষ্টি অভিনয় করেছেন ডাকসাইটে আন্ডার কভার পুলিশ অফিসার চরিত্রে। একের পর এক সফল অপারেশনের পর তার দায়িত্ব পড়ে ঢাকার উদীয়মান মাফিয়া জুনায়েদকে ধরার। একের পর এক প্রতিপক্ষকে ঘায়েল করে আন্ডারওয়ার্ল্ড দিন দিন নিজের কব্জায় নিয়ে নিচ্ছে জুনায়েদ। শুরু হয় জুনায়েদকে ধরার চেষ্টা। পরিণতি কী হয় তা জানতে হলে চোখ রাখতে হবে আজ দুপুর ২টায় চ্যানেল আইয়ে। জুনায়েদ বলেন, ‘নবী ভাইয়ের নির্দেশনা, আমাদের অভিনয়, গল্পÑ সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। টেলিফিল্মটি দর্শকের পছন্দ হবে বলে আমার বিশ^াস।’ বৃষ্টি বলেন, ‘টেলিফিল্মটির গল্প অন্যরকম। নতুন হিসেবে কাজ করতে গিয়ে সবারই ভীষণ সহযোগিতা পেয়েছি। তাই কাজটি নিয়ে আমি আশাবাদী।’ জুনায়েদ রিয়েলিটি শো থেকে বেরিয়ে প্রথম নাটক করেন নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। এটি তার দ্বিতীয় কাজ। এরই মধ্যে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমার দ্বিতীয় নায়ক হিসেবে কাজের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে এক বছরের চুক্তি থাকায় তিনি সিনেমাটি করতে পারেননি। তবে ভবিষ্যতে সিনেমায় নিজেকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান।

 

আইনি জটিলতায় রানী মুখার্জি

আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রানী মুখার্জি অভিনীত অ্যাকশন থ্রিলার ‘মার্দানি ২’। তার আগেই বিতর্কের মুখে সিনেমাটি। এতে কোটা শহরের নাম ব্যবহার করায় খেপেছে ওই শহরের মানুষ। এর আগে ছবি সংশ্লিষ্টদের কাছে ও কোটা শহরের সাংসদ ওম বিড়লার কাছেও অভিযোগ জানিয়েছেন কোটা পরিষদের সদস্যরা। এবার সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশি ছবির প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক গোপী পথুরান আর তথ্য ও সম্প্রচার মন্ত্রকে আইনি নোটিস পাঠিয়েছে। কোটা পরিষদের আইনজীবীর দাবি, ছবিটি থেকে শহরের নাম বদলে দিতে হবে। বদলে ফেলতে হবে এ ছবিতে ব্যবহৃত শহরের ছবিও। দাবি না মানা হলে ছবির মুক্তি আটকাতে আদালতে মামলা করা হবে। তবে তাদের বক্তব্যকে ভুল বলে ছবির পরিচালক গোপী পথুরান বলেন, ‘মার্দানি ২ ছবির গল্প সত্য। বাস্তব জীবনে যা কিছু ঘটেছে তা দেখানো হয়েছে এখানে। যে ধরনের ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পেয়েছি তা তুলে ধরা হয়েছে এখানে। ঘটনাগুলো পড়ার সময় গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার ছবিতে সেই কথাই তুলে ধরা হয়েছে। সারা দেশে ঘটে যাওয়া এই ঘটনাকে আমি আমার ছবিতে দেখিয়েছি।’

বিয়ের কথা গোপন রাখতে চান তাহসান

গানের মানুষ হিসেবে যেমন সফল তাহসান খান, তেমনি অভিনয়েও। ব্যক্তিগত জীবনে তাহসান ও অভিনেত্রী মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকে মিথিলার প্রেম, নতুন সম্পর্কের খবর পাওয়া গেলেও তাহসানের ক্ষেত্রে তা হয়নি। কিন্তু এবার এ তারকা নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেনÑ ‘অবশ্যই, জীবন সাজাতে হবে। তবে এটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। আর পরিবারের চাপ আছে। বাবা-মা অনেক দিন ধরেই বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। আমি বলেছি, তোমাদের দেখার কাজ, তোমরা পাত্রী দেখ। যদি বিয়ে হয় তবে আমার ব্যক্তিগত জীবন আর কখনো প্রকাশ করব না। যে নতুন করে আমার জীবনে আসবে তার প্রাইভেসিটাও গুরুত্বপূর্ণ। পাবলিক জানলেই আমার নতুন বউ নিয়ে আবার ফেইসবুক-ইউটিউবে নতুন গসিপ শুরু হবে! তাই যা কিছু করি না কেন সবকিছুই গোপন থাকবে।’ চলতি বছর মার্চে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’। আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। ‘নো ল্যান্ডস ম্যান’ নামের ছবিটি নির্মাণ করবেন মোস্তফা সরয়ার ফারুকী।

ইমরানের গানে সায়লা সাবি

‘কি জ্বালা দিলা তুমি’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন ইমরান মাহমুদুল। গানটির ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন সায়লা সাবি। এবারই প্রথম ইমরানের গানের মডেল হয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ইমরান নিজেই। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় গ্রামীণ পরিবেশে দুই দিন ধরে গানটির ভিডিওর শ্যুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। নতুন বছরের শুরুতেই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। ইমরান বলেন, ‘এই গানটি আধুনিক হলেও ভেতরে হালকা ফোক ফ্লেভার আছে। গানের কথার সঙ্গে মিল রেখেই গ্রামীণ পরিবেশে ভিডিওটির শ্যুটিং করেছি। মজার বিষয় হচ্ছে ভিডিওর কিছু দৃশ্যে আমি লুঙ্গি পরে অভিনয় করেছি। গল্পের প্রয়োজনে এমনটা করা। সায়লা সাবির সঙ্গে এটি আমার প্রথম কাজ। ভিডিওতে আমার সঙ্গে তার কেমিস্ট্রিটা ভালো জমেছে। আমার ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে।

আসছে বছর পরমব্রতর বিয়ে

সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা করেননি কলকাতার তারকা অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। যখনই যার সঙ্গে প্রেম করেছেন, প্রকাশ্যে এনেছেন। এবার নিজের বিয়ে নিয়েও কোনো রাখঢাক করলেন না। বহু বছর ধরেই নেদারল্যান্ডসের মেয়ে ইকা শাউটের সঙ্গে প্রেম করছেন পরমব্রত। পরমব্রতর প্রেমের ইতিহাসে এটাই নাকি সবচেয়ে দীর্ঘ সময়ের সম্পর্ক! এই সম্পর্ক আরও মজবুত করতে চলেছেন ইকা-পরমব্রত! সম্প্রতি কলকাতার জনপ্রিয় ম্যাগাজিন আনন্দলোকে একটি সাক্ষাৎকারে ইকার সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন পরমব্রত। তিনি স্পষ্ট জানানÑ ‘সত্যি, আমাদের সম্পর্কটা অনেক দিন হলো। বিয়েটাও হয়ে যাবে। আর বেশিদিন নয়। ২০২০ সালেই বিয়ে করব।’ নেদারল্যান্ডসের মেয়ে ইকা। পেশায় চিকিৎসক। পরমব্রত যখন ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন বিষয়ে ইংল্যান্ডে পড়তে যান, সেখানেই তাদের পরিচয় হয়। তারপর ভালোলাগা থেকে ভালোবাসা। এখন তো প্রায়ই কলকাতাতে এসে থাকছেন ইকা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সিনেমা দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় পরমব্রত চ্যাটার্জি। অনিমেষ আইচের পরিচালনায় ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশি ছবিতে অভিনয় করেন তিনি। এরপর ফাখরুল আরেফীনের ‘ভুবন মাঝি’তেও দেখা যায় তাকে। মুক্তির প্রতীক্ষায় আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত তার আরেক ছবি ‘শনিবার বিকেল’।

 

শ্যুটিংয়ে অভিনেতার মৃত্যু

তাইওয়ানিজ-কানাডিয়ান মডেল ও অভিনেতা গডফ্রে গাও। গত বুধবার তিনি মারা যান। সম্প্রতি একটি চীনা টিভি রিয়েলিটি শোর শ্যুটিং চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন গাও। অতিথি প্রতিযোগী হিসেবে ‘চেজ মি’ নামক একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন এই অভিনেতা। এতে প্রতিযোগীরা দলগতভাবে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। শোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অতিথি প্রতিযোগী গডফ্রে গাও দৌড়াতে দৌড়াতে হঠাৎ জ্ঞান হারান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক জানিয়েছেন, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে। তাইওয়ানে জন্ম হলেও গাও বেড়ে উঠেছেন কানাডায়। তিনি এশিয়ার প্রথম পুরুষ মডেল যিনি ২০১১ সালে প্রসিদ্ধ ব্র্যান্ড লুইস ভুইটনের অ্যাড ক্যাম্পেইনে চুক্তিবদ্ধ হন। ‘দ্য মর্টাল ইনস্ট্রুমেন্টস : সিটি অব বোন’ নামে হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। রিমেম্বারিং লিচুয়ান টিভি ড্রামায় অভিনয় করে চীনে বেশ জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া ২০১৭ সালে ‘দ্য জেড পেনড্যান্ট’ ও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত চীনা সায়েন্স ফিকশন ‘সাংহাই ফরট্রেস’ সিনেমায় তাকে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত