নয়া ‘মুন্নী’ ওয়ারিনা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৯:৫৯ পিএম

আরবাজ খানের সঙ্গে ছাড়াছাড়ির কারণে ‘মুন্নী’র অবতারে বড় পর্দায় আর দেখা যাবে না মালাইকা আরোরাকে। আইটেম গার্লের সেই পোশাক গায়ে জড়িয়েছেন ওয়ারিনা হোসাইন।

 ‘দাবাং থ্রি’ নির্মাণের ঘোষণার পরই জানা যায়, এই সিনেমায় জনপ্রিয় আইটেম গান  ‘মুন্নী বদনাম হুয়া’র নতুন সংস্করণ থাকছে। তখন থেকেই জল্পনা-কল্পনা চলছিল কে থাকছেন এই ভূমিকায়। ওয়ারিনার নাম আসতেই কেউ কেউ সংশয় প্রকাশ করেন, বলিউডের এই নবাগতা ড্যান্স ফ্লোরে কতটা ঝড় তুলতে পারবেন। কিন্তু টিজার ও কিছু স্থিরচিত্র প্রকাশের পর সেই ধারণা পাল্টে গেছে অনেকের।

পেপি ঘরানার গান ‘মুন্নী বদনাম হুয়া’র টিজার নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঘরে সালমান ও ওয়ারিনাকে নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কয়েক সেকেন্ডের ভিডিওতে বলিউডের রবিন হুড পুলিশখ্যাত চুলবুল পাণ্ডেকে কৌতুকের মেজাজে দেখা যায়। তিনি সেজেছেন অতিপরিচিত আর্টওয়ার্ক সংবলিত কালো পোশাকে। ওয়ারিনার পরনে রয়েছে সবুজ টপ ও স্কার্ট।

ইরাকি বাবা ও আফগানি মায়ের সন্তান ওয়ারিনার বলিউড ক্যারিয়ার বেশি দিনের নয়। ২০১৩ সালে মডেলিং শুরু করেন তিনি। গত বছর সালমানের প্রযোজনায় আয়ুশ শর্মার বিপরীতে ‘লাভরাত্রি’ সিনেমায় অভিষেক হয়। বক্স অফিসে সফল না হলেও টেলিভিশন বেশ সাড়া পেয়েছে সিনেমাটি। কিছুদিন আগেও একটি করপোরেট অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আসেন তিনি। এ ছাড়া বাদশার একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। বর্তমানে ‘মুন্নী বদনাম হুয়া’ দিয়ে আলোচনায় আছেন। আর পুরো ভিডিওটি প্রকাশ হবে আজ।

 ‘দাবাং থ্রি’তে আগের দুই কিস্তির মতো সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। সঙ্গে অভিষেক হচ্ছে নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকারের মেয়ে সাইয়ের। প্রভুদেবার পরিচালনায় এটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত