অনেক বিতর্ক হয়েছিল ম্যাচটা নিয়ে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দলের খেলোয়াড়ারা পাকিস্তানে যেতে চাইলেন না। ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হল। প্রতিবাদে পাকিস্তানের সিনিয়র খেলোয়াড়রা নাম তুলে নিলেন। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল নির্বাচন নিয়ে বিতর্ক।
সব সরিয়ে রেখে শুক্রবার কাজাখস্তানের নুর-সুলতানে শুরু হয় ভারত-পাকিস্তান মধ্যকার ডেভিস কাপের লড়াই। আর প্রথম দিনই টিম ইন্ডিয়ার দাপটে খর কুটোর মত উড়ে গেল পাকিস্তান। এদিন হলো দুটি সিঙ্গেলস ম্যাচ। দুটিতেই দাপুটে জয় ভারতের।
দিনের শুরুটা করলেন ভারতের রামকুমার রামনাথ। বয়সে প্রায় অর্ধেক পাকিস্তানের তরুণ খেলোয়াড় মোহাম্মদ শোয়েবকে মাত্র ৪২ মিনিটে হারালেন রামকুমার। ম্যাচের ফল ৬-০, ৬-০।
এরপর দ্বিতীয় সিঙ্গেলস ম্যাচ খেলতে কোর্টে নামলেন সুমিত। তার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের আব্দুল রহমান। প্রথম সেটে তিনিও দাঁড়াতে পারলেন না সুমিতের সামনে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেন, তাতে অবশ্য খেলার ফল বদলের মত কিছু হল না। ৬-০, ৬-২ তে ম্যাচ জিতে নিলেন সুমিত।
প্রথম দিন এমন দাপুটে পারফরম্যান্স করে স্বভাবতই খুশি ভারতীয় শিবির। সবাই এখন তাকিয়ে শনিবার সকালের দিকে। এদিন কোর্টে নামতে যাচ্ছেন লিয়েন্ডার। ডাবলসের ম্যাচে পাকিস্তানের জুটির বিপক্ষে লিয়েন্ডারের সঙ্গে থাকবেন তরুণ খেলোয়াড় জীবন।
এরআগে পাকিস্তানের সঙ্গে ছয় বার ডেভিস কাপে দেখা হয়েছে ভারতের। একবারও টিম ইন্ডিয়াকে হারেতে পারেনি পাকিস্তান। সেই ধারা বজায় থাকছে এই বছরও।
