বাগেরহাটে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:২১ এএম

বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এই নেতাদের পুলিশ গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি ও বিএনপির সহসভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, শহরের পরিবেশকে অশান্ত করতে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় একটি গোপন বৈঠক করছে- এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।

তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত