হাই পারফরম্যান্স দলের কোচ সাইমন হেলমট ‘পদত্যাগ’ করেছেন বলে শোনা যাচ্ছে। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন বছরের মেয়াদ শেষের পথে আসলে বোর্ড চুক্তি নবায়ন করার ভাবনায় ছিল। খবর ডেইলি স্টারের।
বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী অবশ্য পদত্যাগের কথা স্বীকার করেননি। বলছেন, ‘আসলে তিনি পদত্যাগ করেননি। তিন বছরের চুক্তি ছিল। এ বছর সেটি শেষ হচ্ছে।’
‘হেলমটের সঙ্গে মিটিং আছে,’ জানিয়ে নিজামউদ্দিন বলেন, ‘চুক্তি বাড়ানো হবে কি না, তখন সিদ্ধান্ত নেওয়া হবে।’
হেলমট জানিয়েছে, পরিবারকে সময় দিতে এই মুহূর্তে সরে যাচ্ছেন। ভবিষ্যতে বিসিবির সঙ্গে কাজ করলেও করতে পারেন।
২০১৬ সালে হেলমট এইচপি টিমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন।
তার আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধান কোচ ছিলেন। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসেও দীর্ঘদিন প্রধান কোচের দায়িত্ব সামলিয়েছেন। ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে কাজ করছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে।
