১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে এ দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিনটিকেই বেছে নেওয়া হলো এইডস বিষয়ক সচেতনতামূলক সিনেমার মহরতের জন্য। এফডিসিতে এইডস দিবসে মহরত হয় ‘ভালোবাসা সত্যি নয়’ সিনেমার। এই সিনেমায় অভিনয় করবেন জায়েদ খান। নায়িকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক।
এফডিসিতে শিল্পী সমিতির সামনে রোববার মহরত হলো ছবিটির। সিনেমাটি পরিচালনা করবেন এফ আই মানিক।
এর আগে এফ আই মানিকের নির্দেশনায় ‘এ দেশ তোমার আমার’ ছবিতে কাজ করেছিলেন জায়েদ খান। ‘ভালোবাসা সত্যি নয়’-এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো এ নায়ক কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্র পরিচালকের সঙ্গে।
মাল্টিলিংকেস প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি নির্মিত হতে যাচ্ছে। আগামী ২০ ডিসেম্বর থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান জায়েদ খান। তিনি বলেন, ছবিটি পুরোপুরি রোমান্টিক প্রেমের ছবি হলেও গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে এইডস নিয়ে বার্তা। ছবিটি আন্তর্জাতিকভাবে এইডস বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।’
ছবিটিতে রুনা লায়লা, আশা ভোসলে, আলম আরা মিনু, শাকিলা জাফর, আঁখি আলমগীরের মতো শিল্পীদের গান থাকতে বলে জানান জায়েদ খান।
