পরচুলা উৎপাদনে শিল্প হচ্ছে ঈশ্বরদীতে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭ পিএম

পরচুলা ও চুল সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য উৎপাদনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) শিল্প স্থাপন করতে যাচ্ছে অস্কার বাংলা কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ মালিকানাধীন কোম্পানিটি এ শিল্প প্রতিষ্ঠায় ৩৪ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। এটি হলে ইপিজেডে পরচুলা ও চুল সংশ্লিষ্ট কারখানার সংখ্যা দাঁড়াবে পাঁচটি।

শতভাগ বিদেশি মালিকানাধীন এ কারখানায় বছরে ৩ কোটি ১৫ লাখ পিস পরচুলা এবং চুল সম্পর্কিত পণ্য উৎপাদন করবে। কোম্পানিটিতে দেড় হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে ইপিজেডের নিয়ন্ত্রক সংস্থা বেপজা।

বেপজার নির্বাহী চেয়ারম্যান এসএম সালাহউদ্দিন ইসলামের উপস্থিতিতে সম্প্রতি ঢাকায় বেপজা ও অস্কার বাংলা কোম্পানির মধ্যে একটি লিজ চুক্তি হয়েছে। বেপজার সদস্য জিল্লyর রহমান ও অস্কার বাংলা কোম্পানির এমডি শা সিজুন এতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য মোহাম্মদ ফারুক আলম, মিজানুর রহমান, মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর ও মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত