কপ-২৫ সম্মেলন আজ শুরু

মাদ্রিদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে ‘রাষ্ট্র ও সরকারপ্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫)-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গতকাল রবিবার দেশটির রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন। জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে ও স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদের টরেজন বিমানবন্দরে অবতরণ করে। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায়           

নিয়ে যাওয়া হয়। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন। এর আগে গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে শেখ হাসিনা স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আজ সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র ও ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে ‘কপ-২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি কপ-২৫-এর ওয়ার্কিং সেশনে যোগ দেবেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ‘জাতীয় পরিকল্পনা, ২০২০ সালের মধ্যে উচ্চাভিলাষ বৃদ্ধি’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা ও ফটোসেশনে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ ও অপরাহ্ণে পুনরায় ওয়ার্কিং সেশনে যোগ দেবেন। শেখ হাসিনা পরে সরকার ও নাগরিক সমাজের মিলিত কর্মকাণ্ড সম্প্রসারণ শীর্ষক একটি সংলাপেও অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আজ সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা ও রানী আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি।

তিন দিনের সফর শেষে আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশের পথে রওনা হবেন। ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কিয়োটো প্রটোকলের (সিএমপি১৫) ১৫তম সভা ও প্যারিস চুক্তির পক্ষগুলোর দ্বিতীয় সভাকে (সিএমএ২) অন্তভু©ক্ত করবে। সম্মেলনের সভাপতি মনোনীত হয়েছেন চিলির পরিবেশমন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার।

এ সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচির পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপ গত বছর পোল্যান্ডের ‘সিওপি ২৪’-এ প্যারিস চুক্তির বাস্তবায়নের নির্দেশনার ভিত্তিতে নেওয়া হবে। এসব নির্দেশনার প্রধানতম হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তির পরিপূর্ণ কার্যকারিতার ড়্গেত্রে কয়েকটি বিষয়ের নিষ্পত্তি করা।

সম্মেলনটি গত নভেম্বরে ব্রাজিলে হওয়ার কথা ছিল। কিন্তু এর পরিকল্পনা শুরুর এক বছর আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জেইর বোলসোনারো অর্থনৈতিক মন্দার কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেন। পরবর্তী সময়ে চিলি এগিয়ে এলেও সামাজিক অস্থিরতার কারণে অক্টোবরের শেষের দিকে স্বাগতিক হওয়া থেকে সরে আসে। পরে জাতিসংঘ, চিলি ও স্পেনের পারস্পরিক সমঝোতার মাধ্যমে স্পেন এর স্বাগতিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত