রুয়েটের পঞ্চম সমাবর্তন

প্রযুক্তি হবে উন্নয়নের বাহন : রাষ্ট্রপতি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৩:১১ এএম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ‘বর্তমানে প্রতিনিয়তই যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা পরিবর্তিত হচ্ছে। কাজেই আমাদেরও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। গুণগত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সঙ্গে ল্যাবরেটরির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাঠ্যপুস্তকের পাশাপাশি গবেষণা ও হাতেকলমে শিক্ষার মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জিত হয়। প্রযুক্তি হবে উন্নয়নের বাহন। তাই প্রযুক্তি উদ্ভাবনে সবাইকে মনোনিবেশ করতে হবে।’

গতকাল রবিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, ‘আমি তোমাদের গুরুজন হিসেবে বলতে চাই, উচ্চশিক্ষা শেষে শুধু একটা ভালো চাকরি পাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নিজে শিক্ষিত হওয়া ও অন্যকে শিক্ষিত করা এবং বৃহৎ মানবতার কল্যাণ করা। তাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানবসত্তা দিয়ে দেশকে আলোকিত করবে, বিশ্বকেও সে আলোর আভায় রাঙিয়ে তুলবে।

লিখিত বক্তব্যের বাইরে রাষ্ট্রপতি বলেন, ‘কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন, নির্ভেজাল খাবার দুষ্পÖাপ্য হয়ে গেছে। খাদ্য ভেজালের কারণে ক্যানসারসহ জটিল রোগ হচ্ছে। দেশের মানুষই দানব হয়ে যাচ্ছে। এ পথ থেকে তাদের ফেরাতে হবে। নইলে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে যাব। শুধু পকেট মারলেই গণপিটুনি হয়, এ ধরনের মানুষকেও গণপিটুনি দিতে হবে।’

এর আগে, দুপুর আড়াইটায় সমাবর্তন শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি সমাবর্তনের অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। সেখানে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর রাষ্ট্রপতি সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপরে ডিগ্রি উপস্থাপন ও প্রদান পর্ব, রাষ্টÖপতি কর্তৃক পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের সনদপত্র প্রদান, বিশেষ অতিথির বক্তব্য, সমাবর্তন বক্তার বক্তব্য, সমাবর্তন স্মারক প্রদান ও রাষ্ট্রপতির ভাষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম সেখ। এবারের সমাবর্তন বক্তা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াটেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুর রহমান। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত