রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৩:১৮ এএম

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বড়াদম এলাকার আওলাদ বাজারে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কমল বিকাশ চাকমা ওরফে বিক্রম চাকমা (৩৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে জেএসএস। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে এমএন লারমার দলটি।

বিক্রম চাকমা বিলাইছড়ি উপজেলার কেঙড়াছড়ি ইউনিয়নের কেরনছড়ি গ্রামের বিমলানন্দ চাকমার ছেলে। তবে কয়েক বছর ধরে শহরের ভেদভেদী এলাকায় বসবাস করছিলেন তিনি। বিক্রম জেএসএসের চিফ কালেক্টর ছিলেন বলে ধারণা করছেন গোয়েন্দারা।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধ…তি দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে বড়াদম বাজারে আসেন জেএসএস কর্মী বিক্রম চাকমা। এর কিছুক্ষণ পরই স্পিডবোটযোগে আসা একদল দুর্বৃত্ত বাজারটি ঘেরাও করে ফেলে। দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সরে যান তিনি। তারপর তল্লাশি চালিয়ে বিক্রমকে একটি দোকান থেকে খুঁজে বের করে দুর্বৃত্তরা। পরে এলোপাতাড়ি গুলি চালিয়ে বিক্রমকে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনি দেশ রূপান্তরকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত