৩০ শে নভেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হলো মিশন এক্সট্রিম এর পোস্টার উন্মোচন অনুষ্ঠান আর একই সঙ্গে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম সিনেমা নির্মাণকারী প্রতিষ্ঠান সমূহের সাহায্যকারী প্রতিষ্ঠান ‘ঢাকা টকিজ’। প্রতিষ্ঠানটি সিনেমা প্রমোশন, পিআর, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন এর কাজ করবে। এছাড়াও ঢাকা টকিজ কনটেন্ট ম্যানেজমেন্ট এবং কনটেন্ট সিকিউরিটি নিয়ে কাজ করবে। বাংলাদেশে সর্বপ্রথম তারকা শিল্পীদের করপোরেট ব্রান্ড অ্যাম্বাসেডর ও টেলিভিশন এবং অনলাইন ভিত্তিক কমার্শিয়াল কাজে সহায়তা প্রদান করবে। ঢাকা টকিজের সহ প্রতিষ্ঠাতা রমিম রায়হান জানান, ইতিমধ্যে সুপার স্টারসহ বিভিন্ন স্টারদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানের সমন্বয় ঘটিয়েছি এবং সামনে আরও অনেকেই প্রাতিষ্ঠানিক ভাবে যুক্ত হবেন। এর মধ্যে আমরা কয়েকটা ফিল্মের এন্টিপাইরেসি নিয়ে কাজ করেছি।
ঢাকা টকিজের অন্য একজন সহ প্রতিষ্ঠাতা এবিএম মাহবুবুর রহমান বলেন, ‘দীর্ঘ পনেরো বছর ধরে আমি গ্রামীণফোনসহ ও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করেছি। আমরা তারই আলোকে গত পাঁচ বছর ধরে বাংলাদেশের সবগুলো সিনেমা হলে দেশের সবগুলো বড়বড় ও নামকরা কোম্পানির বিজ্ঞাপন প্রচার করছি। এদের মধ্যে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, ইউনিলিভার, প্রাণ, আকিজ, স্কয়ার কে নেই? সামনে আরও বড় অনেক কিছু করব। সময় হলেই সবাই দেখা যাবে।’
ঢাকা টকিজের অন্য আরেকজন সহ প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সাইফুল বলেন, ‘একজন প্রযোজক শুধুমাত্র তার সিনেমাটা বানাবেন এরপর পুরোটা দায়িত্ব আমরা নিয়ে নেব প্রমোশন, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন সবকিছুর জন্যই। কারণ সিনেমাটা বানানোই শেষ কথা নয় সেল করা অর্থাৎ আয় করাটাই হওয়া উচিত মুখ্য উদ্দেশ্য। বলে রাখা ভালো আয়নাবাজি ও রাজনীতি ছবির মতো সুপারহিট সিনেমার ডিস্ট্রিবিউশন করেছে ঢাকা টকিজ আবার ভুবন মাঝি সিনেমার মতো জীবন ঘনিষ্ঠ সিনেমার ও ডিস্ট্রিবিউটর ছিলাম। ’
রমিম রায়হান আরও বলেন, ‘ঢাকা টকিজের প্রত্যেকেই আমরা সিনেমা মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। সিনেমা মার্কেটিং এর সেরা লোকগুলোর একটা প্ল্যাটফর্ম হলো ঢাকা টকিজ। দেশের সবচেয়ে ভালো পোস্টার আর ফিল্ম মার্কেটিং নিয়ে যারা অন্য শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করে তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সিনেমা হলে বিজ্ঞাপন নিয়ে নিয়ে আমাদের অভিজ্ঞতা ব্যাপক, বিজ্ঞাপন ছাড়াও স্পনসর মার্কেটিং এ ঢাকা টকিজ একক ও অগ্রগণ্য।’
দেশ ছাড়িয়ে ভারতের শীর্ষ প্রতিষ্ঠান গুলোর সঙ্গেও আমাদের চুক্তি হচ্ছে। সামনে আরও অনেক বড় প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি।
