এসএ গেমসের পুরুষ ভলিবল ইভেন্টে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
সোমবার নেপালের ত্রিপুরেশ্বর কাভারড হলে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ সেটে হার মানে বাংলাদেশ। প্রথম সেট বাংলাদেশ জিতলেও পরের তিন সেট জিতে ম্যাচ নিজেদের করে শ্রীলঙ্কা।
বাংলাদেশ প্রথম সেট জিতে ২৫-২৩ পয়েন্টে। দ্বিতীয় সেট ২০-২৫ পয়েন্টে জিতে নিয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তৃতীয় সেটে দাঁড়াতে পারেনি বাংলাদেশ, হেরে যায় ১৬-২৫ পয়েন্টে। এরপর বাঁচা-মরার চতুর্থ সেটে ২১-২৬ পয়েন্টে হার মানে হরসিত বিশ্বাসরা।
গ্রুপ পর্বে নেপালকে ৩-২ সেটে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে ৩-০ সেটে। এরপর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩-০ সেটে হার মানে বাংলাদেশ।
মেয়েদের ভলিবল ইভেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই হেরেছিল তারা।
