নভেম্বর মাসে দেড় বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। গত বাজেটে বৈধপথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা ঘোষণার পর সরকার তা বাস্তবায়ন শুরু করায় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণও বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৫৫ কোটি ৫২ লাখ ডলার। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ দশমিক ৭৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের নভেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১১৮ কোটি ডলার। নভেম্বরসহ চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াল ৭৭১ কোটি ৪২ লাখ ডলার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশ থেকে বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো অনেক কঠিন। এটি সহজ করা হলে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়বে। সরকার রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে কাজ করছে।
