কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত না করে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘অনেক হয়েছে। এবার থামেন। খালেদা জিয়াকে মুক্তি দিন।’
গতকাল সোমবার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে পথসভায় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে বিনা চিকিৎসায় আপনি অমানবিক কষ্ট দিচ্ছেন। তার প্রতি এই নিষ্ঠুরতা বিশ্বের স্বৈরশাসকরা যে আচরণ করে সেই আচরণেরই সমতুল্য। তাকে আর কষ্ট না দিয়ে নিঃশর্ত মুক্তি দিন।’
রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রিজভী। মিছিলটি ল্যাবএইড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
