উৎপাত ও আক্রমণকারী বানর শনাক্ত করতে ভারত সরকার ব্যবহার করছে মাইক্রোসফটের চেহারা শনাক্তকরণ প্রযুক্তি। অত্যধিক উৎপাতকারী বানর শনাক্তের পর তাদের খোঁজা করে দেওয়া হবে বলে জানিয়েছে ডেইলি মেইল।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বেশ কয়েকটি রাজ্যে বানরের সংখ্যা অত্যধিক বেড়েছে। এই বানরের আক্রমণের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এমনকি শিশুদের তুলে নেওয়া ও হত্যা করার মতো ঘটনাও ঘটেছে।
দিল্লির ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অব আইটির (আইআইআইটি) গবেষকরা মাইক্রোসফটের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করছেন। গবেষকরা আশা করছেন, এই প্রযুক্তির মাধ্যমে তারা অত্যধিক উৎপাতকারী বানর শনাক্ত করে ব্যবস্থা নিতে পারবেন। এ ক্ষেত্রে তারা মাইক্রোসফটের ‘এ আই ফর আর্থ’ প্রযুক্তি ব্যবহার করছেন।
গবেষক অঙ্কিতা শুক্লা জানান তারা কীভাবে মানুষের পাঠানো উৎপাতকারী বানরের ছবি ব্যবহার করবেন। তিনি বলেন, ‘ধরুন আমাদের একটি বানরের ছবি পাঠানো হলো। যাকে আমরা জন নামে চিহ্নিত করলাম। প্রথমত আমরা জানতে চেষ্টা করব, ওই বানরটিকে এর আগে দেখা গিয়েছিল কি না। জন আমাদের ডাটাবেজে রয়েছে কি না, তা দেখা হবে।’ তিনি আরও বলেন, ‘আপনার কাছে যদি দুটি ছবি থাকে, তাহলে আপনাকে জানতে হবে, ছবি দুটিতে জন অথবা অন্য কোনো বানর আছে
কি না। জনকে শনাক্ত করা গেলে আমরা তাকে ধরার চেষ্টা করব।’
এই প্রকল্পের মূল টার্গেট রিসাস ম্যাকক প্রজাতির বানর। এ প্রজাতিটি তাদের হিংস্রাত্মক ব্যবহারের জন্য কুখ্যাত। প্রতিদিন ভারতে প্রায় এক হাজার মানুষ বানরের কামড়ের শিকার হয়। এ ছাড়া খাবার চুরি ও সম্পদ নষ্ট করার ঘটনা তো আছেই। অনেক স্থানে বানর মানুষের আচরণ নকল করে ও দুর্বলতা বুঝে আক্রমণও চালায়।
আইআইআইটির ডাটাবেজে বর্তমানে ৯৩টি বানরের ৪ হাজার ছবি রয়েছে। চেহারা শনাক্তকরণ অ্যাপ্লিকেশনটির উন্নয়নকাজ শেষ হলে তা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অচিরেই।
