নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালুমহালের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার আনন্দবাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছেন। জাকির টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে জাকিরের বড় ভাই মনির হোসেন বাদী
হয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যায় জড়িত থাকার অভিযোগে আবু হানিফ নামে একজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী ও একই এলাকার আমির হোসেনের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছিল। দুজনের মধ্যে বালু উত্তোলনের টাকার ভাগাভাগি ও স্থানীয় একটি কোম্পানির ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছিল। রবিবার রাতে বালুমহালের টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ আগ্নেয়াস্ত্রসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে টেকপাড়া আমিরাবাদ এলাকার জাকির, একই এলাকার আল-আমিন (৩৩), আবু হানিফ (৩১), সিরাজসহ (৩৭) ছয়জন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকির মারা যান। অন্যরা সেখানে চিকিৎসাধীন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, আধিপত্য বিস্তার, একটি কোম্পানির ব্যবসা নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়েই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আটক হানিফকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
