তারেক মাসুদের জন্মদিনে ম্যুভিয়ানার আয়োজন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৩:০১ পিএম

চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬৩তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে বিশেষ আয়োজন রাখা হয়েছে।

সেখানে থাকছে তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯ ও প্রকাশনা অনুষ্ঠান।

ফেইসবুকে আয়োজনের বিস্তারিত জানান ম্যুভিয়ানার প্রেসিডেন্ট বেলায়াত হোসেন মামুন।

শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি শুরু হবে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

এবারের স্মারক বক্তৃতার বিষয় ‘রাজনৈতিক ইসলাম এবং পশ্চিমা সেকুলারতন্ত্রের বাইরে তারেক মাসুদের শিল্প ও সাধনা’। বক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, চলচ্চিত্র গবেষক, লেখক ও অধ্যাপক আ আল মামুন।

এর আগে বিকেল ৫টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত শিল্পী এসএম সুলতানের ওপর চলচ্চিত্র ‘আদম সুরত’। সন্ধ্যা ৬টায় থাকছে তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকার সংকলন ‘চলচ্চিত্রকথা’র প্রকাশনা অনুষ্ঠান।

পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত