বাস্তবায়নের অপেক্ষায় আরও ৪২ পরিকল্পনা

চসিকে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্নতা বিভাগ, নগর পরিকল্পনা, সচিবালয় বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব বিভাগের মাধ্যমে গত চার বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, আধুনিক নগরের সুযোগ সুবিধা নিশ্চিতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের আন্দরকিল্লার কেবি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, চসিকের উদ্যোগে ৭১৬ কোটি টাকা ব্যয়ে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন, নালা প্রতিরোধ দেয়াল, ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১২০ কোটি টাকা ব্যয়ে চসিকের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন, প্রায় ৪২১ কোটি টাকা ব্যয়ে চসিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সেতুগুলো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও সড়ক আলোকায়ন, জলাবদ্ধতা নিরসনে ১২৫৬ কোটি টাকা ব্যয়ে ২.৯ কিমি দৈর্ঘ্যের ‘বহদ্দারহাট বারাইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ প্রকল্প গ্রহণ, যানজট নিরসনে ১২২৯ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন এলাকার সড়ক নেটওয়ার্ক উন্নয়ন, বাস/ট্রাক টার্মিনাল নির্মাণসহ আরও অনেক প্রকল্পের নির্মাণকাজ শেষ হয়েছে এবং একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া নগরে গণপরিবহন সংকট কাটাতে এস আলম গ্রুপের মাধ্যমে ১০০ এসি বাস চালু হচ্ছে। আগামী জানুয়ারি থেকে নগরের ৩ রুটে এসব বাস চলবে। আগে নগরের ১৩৭৫টি খোলা ডাস্টবিন থেকে ৮২৫টি অপসারণ করা হয়েছে। নগরবাসীকে ময়লা-আবর্জনা ফেলার জন্য ৯ লাখ বিন বিতরণ করেছি। ১৯৭২ জন পরিচ্ছন্নতা শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।

মেয়র আরও বলেন, নগরে গত চার বছরে ৫৬০ কিমি পিচঢালা সড়ক ৮১৬ কিমিতে উন্নীতকরণ, ২২২ কিমি কংক্রিট সড়ক ৩২৮ কিমিতে উন্নীতকরণ, ৬৮৩ দশমিক ৫৫ কিমি পাকা নালা ৯৪৬ দশমিক ৫ কিমিতে উন্নীতকরণ, ১৪৬ দশমিক ০৭ কিমি ফুটপাত ২৮৭ কিমিতে উন্নীতকরণ, ৮০ দশমিক ২০ কিমি প্রতিরোধ দেয়াল ৯৯ কিমিতে উন্নীতকরণ, ১৮৮টি ব্রিজ ২১৯টিতে উন্নীতকরণ, গভীর নলকূপ ৩৭২টি থেকে ৪২৩টিতে উন্নীতকরণ, কালভার্ট ৯৩২টি থেকে ১০৪৮টিতে উন্নীত করা হয়েছে এবং ৭৮ দশমিক ৫৩ কিমি ব্রিক সলিং ৫২ দশমিক ৯৩ কিমি কমিয়ে ২৫ দশমিক ৬ কিমিতে নামিয়ে আনা হয়েছে। নগরের ৯৫২ কিমি সড়ক বা ৮০ শতাংশ সড়ক আলোকায়ন করা হয়েছে। এছাড়া ৪ হাজার বিলবোর্ড অপসারণ, রাতবর্জ্য অপসারণ কার্যক্রম চালু, মশক নিধনে উন্নত মেশিন ক্রয়, আউটসোর্সিংয়ের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব বিভাগের উন্নয়নে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। পাশাপাশি নগরে মেট্রোরেল স্থাপন, মাস্টারপ্ল্যান অনুযায়ী নতুন সড়ক, দুয়েকটি ফ্লাইওভার, রেলক্রসিং, ওভারপাস নির্মাণ, ড্রেনেজ প্রকল্পের উন্নয়ন, স্মার্ট সিটিতে রূপান্তরকরণসহ ৪২টি উন্নয়ন প্রকল্প পরিকল্পনাধীন আছে বলে জানান সিটি মেয়র।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব আবুyল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত