সংবাদ সম্মেলনে ফখরুল

কে কী খাবে তা নির্ধারণের দায়িত্ব সরকারের না

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৭ এএম

জনগণ কী খাবে! কী খাবে না তা নির্ধারণের দায়িত্ব সরকারের না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘দলীয় সিন্ডিকেটের কারণে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাজারে দ্রব্যমূল্য বাড়লে নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণরূপে সরকারের।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী।’ একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানো হলে দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতির পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও উদাসীনতা দেশবাসীকে হতাশ করেছে। দ্রব্যমূল্যের বাজারকে অসহনীয় করার জন্য দায়ী ভোটারবিহীন সরকার। দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভাঙতে পারলে এবং টিসিবিকে নিয়ন্ত্রণ করতে না পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়।’ এ সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত করে ফেলেছে। অবৈধ সরকারের  ব্যর্থতা ও উদাসীনতার বিষয়ে দেশবাসীকে অবগতকরণের অংশ হিসেবেই আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে জনগণকে পেঁয়াজ খেতে নিষেধ করছে। তাহলে চালের মূল্য কেজিতে ১০ থেকে ১৫ টাকা, আটার মূল্য ৫ থেকে ১০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা এখন কী বলবেন! ভাত খাওয়া বন্ধ করে দিতে? রুটি খাওয়া বন্ধ করে দিতে?’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলে সংকটের সৃষ্টি হয়েছে। তবে জনগণ মেনে নেবে না। এজন্য জবাবদিহিতার সরকার গঠন করতে হবে। সরকারকে বাধ্য করতে হবে অবাধ নির্বাচন দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ^র চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ¨ানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত