জামালপুরের ইসলামপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী (৪০) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার কুটিলার চরে এ বন্দুকযুদ্ধ হয়।
মোহাম্মদ আলী উপজেলার বেলগাছা ইউনিয়নের মৃত নজর প্রামাণিকের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশের দাবি, মোহাম্মদ আলী এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে।
ইসলামপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গত সোমবার সন্ধ্যায় যমুনার দুর্গম সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে ডাকাতির প্রস্তুতিকালে নূপুর আক্তার (৩০) নামে এক সহযোগীর সঙ্গে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদ আলীর তথ্যে তাকে নিয়ে গতকাল ভোরে চিনাডzলি ইউনিয়নের দুর্গম কুটিলার চরের বালুতে পুঁতে রাখা একটি রিভলবার ও ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে নিয়ে ফেরার পথে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন মোহাম্মদ আলী। উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এএসআই আবদুল লতিফ, কনস্টেবল টিটু সরকার ও রকিবুল ইসলাম আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান ওসি।
বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, মোহাম্মদ আলী ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তবে এক বছরের বেশি তিনি ইউনিয়ন পরিষদে আসেন না।
