বার্নলিকে উড়িয়ে জয়ে ফিরল ম্যানসিটি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১৩ এএম

প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। তাতে বার্নলিকে উড়িয়ে জয়ে ফিরেছে সবশেষ দুই ম্যাচে জয়হীন থাকা ম্যানচেস্টার সিটি। উন্নতি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে ৪-১ গোলে হারায় পেপ গার্দিওলার দল। আগের দুই ম্যাচে চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ও ইংলিশ লিগে নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা।

বার্নলির বিপক্ষে জয়ে জোড়া গোল করে অবদান রাখেন গাব্রিয়েল জেসুস। একটি করে গোল করেন রদ্রি হের্নান্দেস ও রিয়াদ মাহারেজ।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে লিগের সিটি। ১৫ ম্যাচে দশ জয় ও দুই ড্রয়ে দলটির পয়েন্ট ৩২। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় সিটি। ২৪তম মিনিটে দলকে এগিয়ে নেন জেসুস। দাভিদ সিলভার পাস থেকে বাঁ পাশ থেকে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথি দল।

দ্বিতীয়ার্ধের খেলার পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। এবার বের্নাদো সিলভার পাসে গোল করেন তারকা এই খেলোয়াড়। ৬৮তম মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হের্নান্দেস। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকেন মাহরেজ।

শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বার্নলিকে সান্ত্বনাসূচক গোল এনে দেন আইরিশ উইঙ্গার রবি ব্র্যাডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত