১০৯ রানের জয়ে এসএ গেমস শুরু সৌম্যদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ পিএম

দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও অসাধারণ নৈপুণ্য দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলকে উড়িয়ে এসএ গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটের পুরুষ ইভেন্টে শুভ সূচনা পেয়েছে তারা।

ত্রিভূবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বুধবার অনুষ্ঠিত ম্যাচটিতে ১০৯ রানের জয় পায় বাংলাদেশ। মালদ্বীপকে ১৭৫ রানের টার্গেট ছুড়ে দিয়ে ৬৫ রানে গুঁড়িয়ে দেয় সৌম্য সরকারের দল।

বাংলাদেশের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে ১৯ রান দিয়ে পাঁচটি উইকেট নেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। দুটি করে উইকেট নেন মিনহাজুল আবেদিন আফ্রিদি ও আফিফ হোসেন।

নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে লাল-সবুজ দল। এক রানের জন্য অর্ধশতক ছুঁতে পারলেন না শান্ত। ৩৮ বলে খেলা তার ৪৯ রানের ইনিংসটিতে রয়েছে চার চার ও তিন ছক্কার মার।

অধিনায়ক ও ওপেনার সৌম্য খেলেছেন ৪৬ রানের ইনিংস। ৩৩ বলে খেলা তার ইনিংসটি চারের মার চারটি, ছক্কার মার দুটি। ২৮ বলে ৩৮ রান করেন অপর ওপেনার নাঈম।

১৬ রান করে উইকেট ছাড়া হন আফিফ হোসেন। ইয়াসির আলি ১২ ও জাকির হাসান ৪ রানে অপরাজিত ছিলেন।

একই দিন টি-টোয়েন্টি ক্রিকেটে নারী ইভেন্টে স্বাগতিক নেপালের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে মাত্র ৭.৪ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য ৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় সালমা খাতুনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত