ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের কক্ষে তালা দেওয়ার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া তার পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে সময় বেধেঁ দেওয়া হয়েছে।
নুরুল হক নুর অভিযোগ করে বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সমর্থিত কিছু অছাত্র এই তালা দেওয়ার কাজ করেছে।
তিনি জানান, তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে মানববন্ধনও করা হয়েছে।
এর আগে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র ব্যানারে নুরকে ‘দুর্নীতিবাজ ভিপি’ হিসেবে উল্লেখ তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে ডাকসু ভবনের সামনে মানববন্ধন করা হয়।
এর নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের আহ্বায়ক ও ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।
পরে নুরের কক্ষে তালা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন মানববন্ধনকারীরা।
সেসময় অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, আগামী ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলাম, নুর স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং ক্যাম্পাস থেকে তিনি বিদায় হবেন। মুক্তিযুদ্ধ মঞ্চ তাকে আর ক্যাম্পাসে দেখতে চায় না। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আমরা আশা করি- নুরকে অবিলম্বে গ্রেপ্তার করে, তাকে রিমান্ডে নিয়ে সব দুর্নীতির তথ্য বের করবেন।
এ বিষয়ে নুর জানান, তথাকথিত ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র নাম ভাঙিয়ে ছাত্রলীগ সমর্থিত কিছু অছাত্র দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। সংগঠনটির একাংশের আহ্বায়ক ড. আ ক ম জামাল উদ্দিন ফেসবুক লাইভে এসে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এরপর তারা মানববন্ধন করে ডাকসু ভবনে তার কক্ষে তালা দিয়েছেন।
নুর বলেন, আমার কক্ষে তালা দেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানাই। তিনি আমাকে বলেন যে, এটি ডাকসু সংশ্লিষ্ট সমস্যা। এতে তার কিছুই করার নেই।
