সিরামিক এক্সপো উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী

বহু সুবিধার পরও সুদহার কমায়নি ব্যাংকগুলো

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ এএম

ব্যাংক খাতের সংস্কার ও ঋণের উচ্চ সুদহার না কমায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, অর্থমন্ত্রী দায়িত্ব নেওয়ার ১১ মাস পরে এসে বলছেনÑ সুদের হার এত বেশি যে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। ১১ মাস উনি কি হাইবারনেশনে ছিলেন?

গতকাল আইসিসিবিতে তিন দিনের সিরামিক এক্সপোর উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এফবিসিসিআই সভাপতি বলেন, যখন ব্যবসায়ীদের কাছ থেকে এই উদ্বেগের কথাগুলো উঠে আসছে, তখনই উনি বক্তব্য দিলেন। হয়তো আবার ছয় মাস হাইবারনেশনে (শীতনিদ্রায়) চলে যাবেন। এগুলো দুঃখজনক।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতার ঘাটতি এবং পেশাগত অযোগ্যতা খুবই দৃশ্যমান উল্লেখ করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

তিনি বলেন, সিরামিক শিল্পের জন্য আমদানিকারকদের কাঁচামালে থাকা ৩০ শতাংশ আর্দ্রতারও ট্যাক্স দিতে হয়।  এ খাতে সম্পুরক শুল্ক দিতে হয়। এগুলো আরোপ করা হয় দেশীয় শিল্প সুরক্ষায়। অথচ এই শুল্ককর বাংলাদেশে নতুন শিল্প সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা  যেভাবে ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার শামিল।

সিরামিক উৎপাদনকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যে সমস্যা আছে, তা আরও শক্তভাবে তুলে ধরা উচিত। এফবিসিসিআই আপনাদের সঙ্গে আছে। আমাদের দ্বিধা-দ্বন্দ্বে ভুগলে হবে না। উদ্যোক্তারা সিরামিকের মতো বহুমুখী রপ্তানি পণ্যখাতে বিনিয়োগ করলেও এনবিআর বা অর্থ মন্ত্রণালয়ের কিছু পদক্ষেপ তা সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে। সেজন্য  সেক্টরগুলো যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, সেভাবে এগোতে পারছে না।

প্রধান অতিথির বক্তৃতায় টিপু মুনশি বলেন, উন্নত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে। এমনকি এই শিল্পে বড় উৎপাদনকারী দেশ চীন ও ভারতের নজরও এখন বাংলাদেশের দিকে। বিশ্বকে চমকে দিয়ে এগিয়ে যাচ্ছে  বাংলাদেশের সিরামিক শিল্প। আমি আশা করি খুব শিগগিরই রপ্তানি পণ্যের তালিকায় সিরামিক তৃতীয় অথবা চতুর্থ অবস্থান নিশ্চিত করতে পারবে।

ব্যাংকঋণের সুদহার কমানো প্রসঙ্গে তিনি বলেন, ঋণের সুদহার এক অংকে নামানোর কথা বলে ব্যাংকাররা অনেক সুবিধা নিলেও শেষ পর্যন্ত তারা তা কমাচ্ছেন না।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ। বিনিয়োগ বেড়েছে প্রায় ২০ শতাংশ। ৫০টিরও  বেশি দেশে বছরে রপ্তানি আয় প্রায় ৫ কোটি ডলার। তিনি বলেন, এ শিল্পে প্রায় সাড়ে ৮ হাজার  কোটি টাকার বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষ খাতটির সঙ্গে জড়িত।

সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, উন্নত গুণগত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে।

তিন দিনব্যাপী সিরামিক এক্সপোতে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১৫০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এ প্রদর্শনী দর্শনার্থী ও  ক্রেতা-বিক্রেতাসহ সবরি জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত