ঢাকার বাইরে রবীন্দ্রনাথ নিয়ে আগ্রহ বেশি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫২ এএম

রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন। এ বছর সংগীতজীবনের ২০ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে আজ অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘অরুণ আলোর অঞ্জলি’। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

‘অরুণ আলোর অঞ্জলি’...

এ বছরের জানুয়ারিতেই আমার সংগীতজীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। তার আগে থেকেই আমার কিছু ভক্ত, অনুরাগী, শুভাকাক্সক্ষী এমন একটি আয়োজনের কথা বলে আসছিলেন। সেটা করি করি করতেই এই ডিসেম্বর। আয়োজনটি করছে এক্সপ্রেস ইভেন্টস। সমন্বয়ক সৈয়দ আপন আহসান। অনুষ্ঠান উদযাপন পর্ষদের সভাপতি রামেন্দু মজুমদার। তার সঙ্গে রয়েছেন আরও ১০ গুণী ব্যক্তিত্ব। এ আয়োজন আমার জন্য অনেক বড় পাওয়া বলে মনে করি। আজ সন্ধ্যায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হবে এই আয়োজন। প্রায় দেড় ঘণ্টা অতিথিদের গান শোনাব। এটা আসলে যতটা উদযাপন তার চেয়ে বেশি গান শোনানোর উপলক্ষ।

২০ বছরের জার্নি...

এর মধ্যে ভালো যেমন আছে, তেমন কিছু মন্দও হয়তো আছে। ভালোটা নিশ্চয়ই বেশি। তবে এখন একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত। আমার মনে হচ্ছে, আমাদের সংস্কৃতির ক্ষেত্রটা কেমন জানি অস্থির হয়ে আসছে। গান, নাটক, চলচ্চিত্রÑ সব ক্ষেত্রেই এই অস্থিরতা। এই জায়গাটায় সব জাতিরই ক্লাসিক কিছু থাকতে হয়। সেটাই সেই জাতির পরিচয় বহন করে। কিন্তু এই জায়গাটায় এখন পর্যন্ত অনেকখানি অভাব দেখছি।

নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসংগীত...

ঢাকায় যারা বড় হচ্ছে তাদের মধ্যে রবীন্দ্রনাথ নিয়ে আগ্রহ হয়তো কিছুটা কম। তারপরও কিছু কিছু পরিবারে আগ্রহ আছে বলেই ছায়ানট বা এসব জায়গায় এত ছেলেমেয়ে ভিড় করে। তবে আমি দেখেছি মফস্বল শহরে সাংস্কৃতিক চর্চা বা গান শেখার আগ্রহ তুলনামূলক একটু বেশি। ঢাকায় তো আমরা আসলে যান্ত্রিক হয়ে গেছি। এ ছাড়া রবীন্দ্রসংগীতের প্রতি পরবর্তী প্রজন্মের যে আগ্রহ আছে সেটাকে সঠিক পথে নিয়ে আসা হচ্ছে কি-না তাও দেখতে হবে।

বড় অর্জন...

এই ২০ বছরে অনেক বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি। অনেকের স্নেহ, ভালোবাসা, সম্মান পেয়েছি। আক্ষেপ বা অপ্রাপ্তি খুব বেশি নেই। কিন্তু যখন আমাদের সাংস্কৃতিক অঙ্গনে নিষ্ঠার অভাব, ভালো জিনিসকে কদর করার অভাব দেখি তখন খুব আক্ষেপ হয়।

সিনেমায় গাওয়ার ইচ্ছা...

‘একটি সিনেমার গল্প’তে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি রবীন্দ্রসংগীত গেয়েছি। তবে চলচ্চিত্রে যদি মৌলিক গানের প্রস্তাব পাই তাহলে গাইব কি-না তা নির্ভর করছে গানটির ওপরই। যদি আমার মতো করে কোনো গান পাই তাহলে হয়তো করতেও পারি।

ইউটিউবে চ্যানেল...

আমার অসংখ্য গান ইউটিউবে আছে। কিন্তু কোনো গানই আমি প্রকাশ করিনি। কারণ ইউটিউবে আমার কোনো চ্যানেলই নেই। সে জন্য নিজেই অফিশিয়ালি একটা চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছি। নতুন বছর থেকে সেই চ্যানেলে নিয়মিত গান প্রকাশ শুরু করব। এতে আমার সব গান শ্রোতারা একসঙ্গে পাবেন।]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত