শুনানি পেছানোয় জাতি হতাশ ও বিক্ষুব্ধ : বিএনপি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০২:০৮ এএম

বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হচ্ছে না অভিযোগ করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার জামিন শুনানি পেছানোর ঘটনায় জাতি হতাশ ও বিক্ষুব্ধ। গতকাল ওই শুনানি পিছিয়ে যাওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেছেন দলটির নেতাকর্মীরা। প্রতিবাদে আগামী রবিবার ঢাকাসহ সারা দেশে বিভাগীয় ও জেলা

শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি রবিবার থেকে সারা দেশের বারে বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুনানির জন্য নতুন দিন ধার্য করার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণেই খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালেদা জিয়ার আপিল শুনানি সাত দিন পিছিয়ে দেওয়ায় এবং তার আইনজীবীদের মৌখিক আবেদন গ্রহণ না করায় সমগ্র জাতি শুধু হতাশই নয়, বিক্ষুব্ধও।

তিনি বলেন, এ ধরনের মামলায় সাধারণত সাত দিনের মধ্যে জামিন হয়। কিন্তু তার ক্ষেত্রে এটা হয়নি। খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন উপস্থাপন না হওয়ার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, তারা মনে করেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ খালেদার স্বাস্থ্য প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত অবমাননা করেছে। আনঅফিশিয়ালি সূত্রের খবর, গত রাতে রিপোর্ট চূড়ান্ত হয়েছে। কিন্তু সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে এটা বন্ধ হয়েছে।

‘খালেদা জিয়া সন্ত্রাসের গডমাদার। তিনি রাজার হালে আছেন’Ñ গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি আদালতের ওপর হস্তক্ষেপের শামিল। প্রধানমন্ত্রী এমন বক্তব্য রেখে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ভয় দেখিয়েছেন। তিনি বলেন, বিষয়টি কাকতালীয় কি না জানি না। একদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করা হয়েছে, অপরদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য। তার এই বক্তব্য ও এই ঘটনায় আদালতের ওপর হুমকি দেওয়া হয়েছে বলে মনে করে দেশের জনগণ। এটা ফ্যাসিবাদের একটি রূপ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।

রবিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ : গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে জামিন শুনানি পেছানোর প্রতিবাদে আগামী রবিবার ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরে ও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এ কথা জানান কমিটির সদস্য। দুই ঘণ্টার এই বৈঠকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার থেকে সারা দেশের বারে অবস্থান : গতকাল বার কাউন্সিল অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আগামী রবিবার থেকে সারা দেশের বারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।

রাজধানীতে বিএনপি ও ছাত্রদলের মিছিল : শুনানি পিছিয়ে যাওয়ার প্রতিবাদে গতকাল দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখা ছাত্রদল সমাবেশ করে। সমাবেশে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট গণভবন থেকে তৈরি করা হচ্ছে। গণভবন থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

দুপুর ১২টায় রাজধানীর পান্থপথে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বেলা ১১টায় রাজধানীর কাটাবন এলাকায় মিছিল করেছেন ছাত্রদল, ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। পুরান ঢাকার জজকোর্ট এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত