সদর উপজেলার আমনুরা-বাইপাস এলাকায় গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে রবিউল ইসলাম রবি (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রবি উপজেলার ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমনুরা-কলোনীপাড়ার প্রয়াত আবদুল বারী মিন্টু চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রবি তার দুই সহযোগীকে নিয়ে
মোটরসাইকেলে আমনুরা থেকে রাজশাহীর গোদাগাড়ী যাচ্ছিলেন। আমনুরা বাইপাস এলাকায় ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে রবিউলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রবিউলের সঙ্গী একই এলাকার শাহীন আলম ও আবদুল হান্নান সামান্য আহত হন। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, শাহীন ও হান্নান রবির সঙ্গে থাকলে ও দুর্বৃত্তরা টার্গেট করে রবিকেই কোপায়। মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা রবিকে কুপিয়ে চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত শাহীন ও হান্নানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
