ফারমার্স ব্যাংক (পদ্মা ব্যাংক) কেলেঙ্কারির অন্যতম হোতা ও ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর শ্যালক মোস্তফা কামালকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল তাকে গ্রেপ্তার করেন। পরে বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, এর আগে সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মোস্তফা কামালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এতে তার বিরুদ্ধে ৮৪ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বাবুল চিশতীর অবৈধ সম্পদের বেশিরভাগই তার শ্যালক মোস্তফা কামালের নামে বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ২০১৮ সালের ১০ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন বাবুল চিশতী। ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় দুদক তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছে।
