ঘুষের এক লাখ টাকাসহ এইচএম রাশেদ সরকার নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করে কমিশনের একটি দল।
আটক রাশেদ সরকার সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানিয়েছেন। তিনি আরও জানান, সিভিল এভিয়েশন কর্মকর্তা রাশেদ সরকার লাইসেন্স যাচাই করে বাণিজ্যিক বিমানের পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছে টাকা দাবি করেন। বিষয়টি জানতে পেরে উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল উত্তরার বিএফসি রেস্টুরেন্টে ফাঁদ পাতে। সেখানে ঘুষের এক লাখ টাকা নেওয়ার সময় রাশেদ সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে আবার রমনা থানা পুলিশের হেফাজতে নিয়ে রাখা হয়েছে তাকে।
আটক রাশেদ সরকারের বিরুদ্ধে আজ শনিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হবে বলেও জানান দুদক কর্মকর্তা প্রণব কুমার।
