কোহলির ব্যাটে ২০৮ রান তাড়া করে জিতল ভারত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ এএম

টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে কি ভুল করে বসলেন বিরাট কোহলি? ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পর অন্তত সেটিই মনে হচ্ছিল। হায়দরাবাদে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট ক্যারিবীয়রা যে ৫ উইকেটে ২০৭ রানের পাহাড় রান গড়ল।

তবে কোহলির অপরাজিত ৯৪ রানে ২০৮ রানের লক্ষ্যটাও কী সহজ করেই না জিতল স্বাগতিক ভারত। শুক্রবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিয়েরন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। তাতে স্বাগতিকেরা সিরিজে এগিয়ে গেল ১-০ তে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন ওপেন করেন লেন্ডন সিমন্স ও এভিন লুইস। ওয়াশিংটন সুন্দর প্রথম ওভারেই ১৩ রান হজম করেন। শুরুটাই বলে দিয়েছিল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা কম রানে থামবেন না। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে দিপক চাহার এসেই ভারতকে স্বস্তি দেন। তার দ্বিতীয় বলেই ফিরে যান সিমন্স। মাত্র ২ রান করে রোহিত শর্মার হাতে ক্যাচ দেন তিনি।

এরপর এভিন লুইস আর নবীন ব্র্যান্ডন কিং রীতিমতো ঝড় তুলেন। এই জুটিটা ভাঙেন ওয়াশিংটন সুন্দর। লুইস তার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৭ বলে ৪০ করেন।

এরপর কিং শিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ১০০ রানের গণ্ডি পার করান দলের। ২৩ বলে ৩১ করা কিংকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর ক্রিজে আসে ক্যারিবীয় অধিনায়ক পোলার্ড। হেটমায়ারের সঙ্গে জুটি বেঁধে চেষ্টা করেন উইন্ডিজকে একটা বড় রান উপহার দেওয়ার।

আর সেই কাজে সফলও হন দু’জনই। দুরন্ত ইনিংস খেলেন হেটমায়ার। ৪১ বলে ৫৬ রানে করেন তিনি ২ চার ও ৪ ছক্কায়। পোলার্ড করেন ১৯ বলে ৩৭ রান। একটি চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শেষ দিকে জ্যাসন হোল্ডার ৯ বলে ২৪ ও দিনেশ রামদিন ৭ বলে ১১ করলে ক্যারিবীয়দের ইনিংস থামে ২০৭ রানে।

রান তাড়া করতে নেমে ভারত চতুর্থ ওভারে হারায় ওপেনার রোহিত শর্মাকে। ১০ বলে ৮ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর তিনে নামা কোহলিকে নিয়ে দারুণ ছন্দে এগিয়ে যান ওপেনার লোকেশ রাহুল। পোলার্ডের বলে ফেরার আগে ৪০ বলে ৬২ রান করেন রাহুল। ৫ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

রাহুল যখন ফেরেন তখন ভারতের স্কোর ১৩.৩ ওভারে ১৩০/২। এরপর কোহলিকে দারুণ সঙ্গ দিলেন ঋষভ পন্থ। শুরুটা ভালো করেও পন্থ শেষটা করতে পারলেন না। ৯ বলে ২ ছক্কায় ১৮ রান করে শেলডন কটরেলের বলে হোল্ডারের হাতে জমা পড়েন।

এরপর শ্রেয়স আয়ার ক্রিজে এলেন। কিন্তু ৬ বলে ৪ রান করে ফিরে যান। যদিও ততক্ষণে ভারতকে প্রায় একাই জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন কোহলি। ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় নিশ্চিত হয় ভারতের।

কোহলি জয় নিশ্চিত করেছেন আবার ছক্কা মেরে। শেষ পর্যন্ত ভারত অধিনায়ক অপরাজিত ছিলেন ৯৪ রানে। তার ৫০ বলের ইনিংসে ছিল ৬টি করে চার ও ছক্কা। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত