বিজেপিকে ব্যঙ্গ করতে পেঁয়াজসহ লাইভে মীর!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ পিএম

মীরাক্কেলের তারকা উপস্থাপক মীর আফসার আলী ইন্ডিয়া টুডের লাইভে পেঁয়াজসহ হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফেইসবুক লিংক শেয়ার করে ‘উদ্দেশ্য’ পরিষ্কার করেন।

রেডিও উপস্থাপনাকে নতুন মাত্রা দেওয়া মীর লিংক শেয়ার করে লিখেছেন, বিজেপি মানে ভারতীয় জনতা (কা) পেঁয়াজ…!

কয়েক মাস ধরে উপমহাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেঁয়াজের দাম আকাশচুম্বী। ভারতের যে অঞ্চলে বেশি পেঁয়াজ উৎপাদন হয় বন্যায় সেসব এলাকা প্লাবিত হয়ে গেছে।

রেডিওর পাশাপাশি এক সময় ভারতের দূরদর্শন টিভিতে সংবাদপাঠক হিসেবে কাজ করা মীর শনিবার হাজির হন দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বার্ষিক আলোচনা বিষয়ক অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভে। মীরকে স্বাগত জানান উপস্থাপক এবং ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার।

এসময় মীরের হাতে পেঁয়াজ দেখে বোরিয়া নিজেও চমকে যান। মীর মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘একটু আগে স্থানীয় বাজার থেকে ফিরলাম। আমার হাতে চার কেজি পেঁয়াজ আছে।’

কথা বলতে বলতে মীর স্বভাবসুলভ রসিকতায় বোরিয়ার কাছে বসার অনুমতি চান। বসতে বসতে উপস্থাপক বোরিয়া পেঁয়াজের ব্যাগ নিয়ে দুজনের মাঝের একটি টেবিলে রাখেন। মীর পরের কথা শুরু করতে গিয়েও থেমে যান। বলে ওঠেন, ‘ব্যাগটা আমার পাশে রাখি। বোরিয়াকে বিশ্বাস করা যায় না!’

মীর এবার বোরিয়ার অনুমতি নিয়ে দর্শকদের ভেতরে চলে যান। সেখানে উপস্থিত একজনের হাতে একটি পেঁয়াজ দিয়ে বলেন, ‘সামলে রাখবেন!’ এসময় তাকে জানান, ২০০ রুপি করে দাম দিয়ে কিনে এনেছেন।

পরে বোরিয়ার সঙ্গে আলাপকালে ভারতের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন মীর। বাক্‌স্বাধীনতা রক্ষার বিষয়টি উঠে আসে তার আলোচনায়। শিল্পীদের অধিকার নিয়েও কথা বলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩ মিনিটের ব্যবধানে মীরের ফেইসবুক পেজে ৪২টি কমেন্ট পড়েছে। লিংক শেয়ার হয়েছে ৯৯ বার। অধিকাংশ মানুষ তার প্রশংসা করছেন।

মধুরিমা রায় নামের একজন লিখেছেন, ‘আপনি অসাধারণ মীর! শব্দ দিয়ে আপনার প্রতিবাদ অব্যাহত রাখুন!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত