বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে ঘোষণা করা হলো টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের নাম। প্রতিযোগিতাটির সপ্তম আসরের টাইটেল স্পন্সর হয়েছে আকাশ ডিটিএইচ (ডিরেক্ট টু হোম)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর হিসেবে আকাশ ডিটিএইচের নাম ঘোষণা করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আকাশ ডিটিএইচ বেক্সিমকো গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। কেবল সংযোগের বিপরীতে স্যাটেলাইটের মাধ্যমে গ্রাহকদের কাছে টিভি চ্যানেল সেবা পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি।
আগামী বুধবার থেকে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের ময়দানী লড়াই। এর আগে রোববার আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের উদ্বোধনী অনুষ্ঠান অতীতের আয়োজনগুলোর চেয়ে জমকালো হবে বলে আশা করা হচ্ছে। মঞ্চ কাঁপানোর জন্য বলিউড থেকে উড়িয়ে আনা হচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। সঙ্গীত পরিবেশন করবেন ভারতীয় শিল্পী কৈলাশ খের, সনু নিগম। থাকছেন বাংলাদেশের জেমস, মমতাজসহ আরও অনেক শিল্পী।
