খালেদা জিয়ার জামিন নিয়ে জঘন্য নাটক করছে সরকার : ফখরুল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের বিরুদ্ধে ‘জঘন্য নাটক করার’ অভিযোগ তুলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাটক বাদ দিয়ে দেশনেত্রীকে জামিন নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করুন। না হলে দেশের মানুষ কখনোই আপনাদের ক্ষমা করবে না। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরও আমরা সত্যিকারের স্বাধীন বাংলাদেশ পাইনি। যারা নিজেদের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দাবি করে তাদের দ্বারা দেশের গণতন্ত্র বারবার নিহত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে বাকশাল কায়েমের মাধ্যমে দেশের চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিল। আজও তারা ভিন্ন লেবাসে বাকশাল কায়েম করেছে। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা সংবিধান সংশোধন করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে সব আয়োজন সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। শুধু দল ও ব্যক্তির ক্ষমতায় যাওয়ার জন্য স্বাধীনতার স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ক্ষমতাসীনরা ভয়ের পরিস্থিতি তৈরি করে দেশ শাসন করছে অভিযোগ করে তিনি বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও আগের অবস্থা ফিরে এসেছে। পুলিশ নেতাকর্মীদের হয়রানি করছে।

মন্ত্রিসভার সদস্যরা খালেদা জিয়ার জামিন নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, অথচ ২০০৬ সালের নভেম্বরে আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে আন্দোলন করে ভাঙচুর করেছেন। আমাদের নেতা শাহজাহান ওমরের গাড়ি পুড়িয়ে দিয়েছিল। প্রধান বিচারপতির এজলাস ল-ভ- হয়েছিল। আদালত শুনানি স্থগিত করেছিল। আজকে এসব ইতিহাস মিডিয়া লিখতে ও বলতে পারে না।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, কাজী আবুল বাশার, আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, যুবদলের মামুন হাসান, মহিলা দলের হেলেন জেরিন খান, মৎস্যজীবী দলের আবদুর রহিম, জাসাসের হেলাল খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত